ভারতের চার মুখ্যমন্ত্রীর সঙ্গে নয় মন্ত্রীর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের চারটি রাজ্যের সফররত মুখ্যমন্ত্রীদের সঙ্গে গতকাল মঙ্গলবার বৈঠক করেছেন বাংলাদেশের নয়জন মন্ত্রী। বিকেলে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, ট্রানজিট, ভিসা-পদ্ধতি, স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন প্রভৃতি বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।বৈঠকে অংশ নেওয়া ভারতের চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা হলেন: আসামের তরুণ গগৈ, ত্রিপুরার মানিক সরকার, মিজোরামের পু লালথানওয়ালা ও মেঘালয়ের মুকুল সাংমা।বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেওয়া মন্ত্রীরা হলেন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।বৈঠক শেষে দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য, পর্যটন, সীমান্ত সমস্যা, ভিসা ব্যবস্থাপনা, শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনা হয়। শাজাহান খান বলেন, স্থলবন্দর দিয়ে মালামাল পরিবহনে নানা সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়।হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, বৈঠকে সীমান্ত বাজার আরও বাড়ানোর ব্যাপারে মুখ্যমন্ত্রীরা আগ্রহ প্রকাশ করেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বৈঠকে বলেছেন, ‘চট্টগ্রাম বন্দর ভারতকে ব্যবহার করতে দিলে বাংলাদেশের সুবিধা বেশি হবে। বিগত সরকারকেও এ কথা বলার চেষ্টা করেছিলাম; কিন্তু এ ব্যাপারে বর্তমান সরকারের উদ্যোগ প্রশংসনীয়।’হাছান মাহমুদ বলেন, বৈঠকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়।বাসস জানায়, বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, তিনি সীমান্ত এলাকায় নিরীহ মানুষ হত্যার বিষয়ে মুখ্যমন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ ধরনের কার্যক্রম বন্ধে পদক্ষেপ নিতে তাঁদের অনুরোধ করেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এটি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। বৈঠকে ফেনসিডিলসহ মাদকদ্রব্য পাচার ও আন্তসীমান্ত অপরাধের বিষয়টিও ওঠে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকে জানান, ফেনসিডিলসহ অন্যান্য মাদক উৎপাদন ও ব্যবহার বাংলাদেশে অবৈধ।