ভারতের চেয়ে ভালো আছেন বাংলাদেশের প্রবীণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তুলনায় বাংলাদেশের প্রবীণেরা ভালো আছেন। ভালো আছেন পাকিস্তানের তুলনায়ও।

তবে শারীরিক সুস্থতার দিক থেকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছেন বাংলাদেশের প্রবীণেরা। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রবীণদের তুলনায় তাঁদের আয়-রোজগারও কম।

আজ ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে আন্তর্জাতিক সংস্থা হেলপএজ ইন্টারন্যাশনাল ৯০টি দেশের প্রবীণদের ওপর একটি সমীক্ষা প্রকাশ করেছে। গ্লোবাল এজওয়াচ ইনডেক্সের হিসাবে বাংলাদেশের অবস্থান ৫৯। তবে বাংলাদেশের চেয়েও পিছিয়ে আছে ভারত (৬৯), নেপাল (৭০) ও পাকিস্তান (৯১)। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের সঙ্গে খুব বেশি ফারাক না থাকলেও শ্রীলঙ্কার অবস্থান ৪৩। দেশটিতে প্রবীণেরা নানামুখী সমস্যায় ভুগলেও সামাজিক সম্পর্ক, নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ—এ তিনটি মানদণ্ডে এগিয়ে আছে তারা। এ ছাড়া সম্প্রতি দেশটি তাদের প্রবীণ নাগরিকদের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন প্রচার-প্রচারণা চালানোর ফলে শ্রীলঙ্কার সরকার এখন দেশটির দুই লাখ ৫৪ হাজার প্রবীণকে মাসে এক হাজার রুপি ভাতা দিতে শুরু করেছে।

বাংলাদেশের প্রবীণেরা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রবীণদের তুলনায় অপেক্ষাকৃত বেশি কর্মক্ষম হলেও স্বাস্থ্যগত দিক থেকে পিছিয়ে আছেন। গড় আয়ু বাড়লেও ষাটোর্ধ্ব নারী-পুরুষের সুস্থতার দিক থেকে বাংলাদেশের অবস্থান ৭১। মাত্র ৩৯ দশমিক ৫ শতাংশ প্রবীণ পেনশন-সুবিধা পান, যা অনেক দেশের প্রবীণদের তুলনায় যথেষ্ট কম।

তবে বাংলাদেশের প্রবীণদের ৮৬ শতাংশ নিজেদের নিরাপদ মনে করেন, ৭০ শতাংশ প্রবীণ মনে করেন তাঁরা স্বাধীনতা ভোগ করছেন। সমীক্ষায় দেশের কমপক্ষে চারটি জেলায় অধিকার আদায়ের দাবিতে প্রবীণেরা রাস্তায় নেমেছিলেন বলে উল্লেখ করা হয়।

সমীক্ষায় বলা হয়েছে, ভারতের প্রবীণেরা স্বাস্থ্যগত দিক থেকে অনেক পিছিয়ে আছেন। এদিক থেকে দেশটির অবস্থান ৮৭। পাকিস্তানের প্রবীণদের পরিস্থিতি বেশ খারাপ। দেশটির প্রবীণ জনগোষ্ঠীর মাত্র ২ দশমিক ৩ শতাংশ অবসর ভাতা পান। প্রবীণদের অধিকার নিয়ে কাজ করছে, এমন সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সামাজিক নিরাপত্তানীতি ও কর্মসূচির মধ্যে প্রবীণদের নিয়ে আসার জন্য আন্দোলন করে যাচ্ছে।

গেল বছরের মতো এবারও এগিয়ে আছে নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড। দেশগুলোর অবস্থান যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়। তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ৮ ও যুক্তরাজ্যের অবস্থান ১১।

হেলপএজ ইন্টারন্যাশনাল প্রতিবছর গ্লোবাল এজওয়াচ প্রকাশ করে থাকে। উদ্দেশ্য হলো, উন্নয়ন পরিকল্পনায় প্রবীণদের যেন কোনোভাবেই বাদ দেওয়া না হয়। সংস্থাটি বলছে, ২০৩০ সাল নাগাদ বিশ্বজুড়ে ষাটোর্ধ্ব জনগোষ্ঠীর সংখ্যা ১০ বছরের কম বয়সীদের তুলনায় বেশি হবে।

এদিকে, বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি প্রবীণদের সুস্বাস্থ্য ও স্বস্তিময় জীবন কামনা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণদের কল্যাণে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন।

এ বছর প্রবীণ দিবসের স্লোগান, ‘থাকব না কেউ পেছনে, গড়ব সমাজ একসনে’।