ভারতের ছিটমহলে পিডিবির বিদ্যুৎ
নীলফামারীর ডোমার উপজেলায় চিলাহাটির অদূরে ভারতীয় ছিটমহলে বিদ্যুৎ বিভাগের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী ঘুষের বিনিময়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
খাগড়াবাড়ি বালাপাড়া ছিটমহলের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, এই ছিটমহলে প্রায় এক হাজার ৭০০টি পরিবার বসবাস করে। এদের মধ্যে তিন-চার বছর ধরে ১৫-২০টি পরিবার বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। নতুন করে আবারও কিছু পরিবার বিদ্যুৎ পেয়েছে।
খাগড়াবাড়ি বালাপাড়া ছিটমহলের কয়েকজন বাসিন্দা জানান, এটি ভারতীয় ছিটমহল হওয়ায় এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হয় না। এখানে বৈধ উপায়ে বিদ্যুৎ সংযোগ পাওয়ারও সুযোগ নেই। সে কারণে যাঁরা আর্থিকভাবে সচ্ছল, তাঁরাই অবৈধ উপায়ে বিদ্যুৎ নিয়ে বাড়িঘরে ব্যবহার করছেন এবং সেচপাম্পও চালাচ্ছেন। এ জন্য বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। এঁদের কেউ কেউ ভুয়া ঠিকানায় মিটার নিয়েছেন, বিলও পরিশোধ করছেন।
অনুসন্ধানে জানা যায়, খাগড়াবাড়ি বালাপাড়া ছিটমহলের বাসিন্দা বাবুল হোসেনকে যে মিটার দেওয়া হয়েছে, তাতে বাবুল হোসেনের ঠিকানা বাংলাদেশের থানাপাড়া, চিলাহাটি উল্লেখ করা হয়েছে। ওই ঠিকানায় তিনি বাংলাদেশের ভোটারও হয়েছেন বলে জানান। বাবুল হোসেন বলেন, লাইনম্যান শফিকুল ইসলাম তাঁদের ওই গ্রামের (ছিটমহলের ভেতর) ১০ জনের কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা নিয়ে সংযোগ দিয়েছেন। প্রত্যেকের মিটার দিয়েছেন বাংলাদেশের ঠিকানায়।
এই ছিটমহলের ভেতরে গিয়ে দেখা যায়, ধানখেতের ওপর বাঁশের খুঁটি বসিয়ে তাতে টানা হয়েছে বিদ্যুতের তার। ছিটমহলের বাসিন্দা আবুল হোসেন জানান, যাঁদের অর্থ আছে তাঁরাই মোটা অঙ্কের টাকা খরচ করে বিদ্যুৎ সংযোগ নিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ছিটমহলের এক বাসিন্দা জানান, প্রায় তিন-চার বছর আগে শফিকুল ইসলামের মাধ্যমে এক লাখ টাকা খরচ করে তাঁরা সেচপাম্পের জন্য সংযোগ নিয়েছেন। তিনি বলেন, ‘সংযোগটি বাংলাদেশের একজন নাগরিকের নাম-ঠিকানায় নেওয়া হয়েছে। প্রতি মাসে আমরা বিলও পরিশোধ করি।’
শফিকুল ইসলাম বলেন, তিনি চুক্তিভিত্তিক কর্মচারী। তাঁর কাজ গ্রাহকদের কাছে বিলের কাগজ পৌঁছে দেওয়া। অবৈধভাবে ছিটমহলে সংযোগ দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, তাঁরা তো বাংলাদেশের ভোটার।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ডোমারের আবাসিক প্রকৌশলী মনোরঞ্জন রায় বলেন, ‘আমি আসার পর অনেকগুলো অবৈধ সংযোগ খুলে ফেলেছি। তাঁরা আবারও লাগাচ্ছেন। এখানে জনবল কম হওয়ায় লাইনম্যানরা তদন্ত করে যে প্রতিবেদন দেন, সেই অনুযায়ী সংযোগের অনুমোদন দেওয়া হয়।’