ভারতের জন্য নয়, লাইনের দুর্বলতায় বিপর্যয়: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ভারতের কারণে হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘ভারতের কারণে নয়। আমাদের সঞ্চালন লাইন দুর্বল ছিল। এ কারণে এই বিপর্যয় হয়েছে।’

আজ রোববার সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলাভের সঙ্গে বৈঠকের পরে মন্ত্রী এ কথা বলেন।

বিপর্যয়ের পেছনে অন্য কোনো কারণ আছে কি না—জানতে চাইলে মন্ত্রী বলেন, না আর কোনো কারণ নেই। এ সময় সাংবাদিকেরা এ রকম বিপর্যয় বারবার হতে পারে কি না, জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, বারবার নয়। পাঁচ থেকে ১০ বছর পরপর হয়।

গতকাল জাতীয় গ্রিডের বিপর্যয়ে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, হিসাব করতে সময় লাগবে।

বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা সম্পর্কে কোনো না কোনোভাবে সাধারণের মধ্যে দুটি ভাষ্য ছড়িয়েছে। প্রথমত, বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তসঞ্চালন লাইনে ত্রুটির কারণে ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত, দেশের মধ্যে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ার পর ভারত থেকে বিদ্যুৎ আনা বন্ধ করা হয়েছে। এ ছাড়া ঘটনাটি নাশকতা হতে পারে বলে অনেকে ধারণা করেন।

আজ সকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক সংবাদ সম্মেলনে জানান, বিপর্যয়ের কারণ সম্পর্কে তাঁরা এখনই কিছু বলতে চান না। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তখনই সুনির্দিষ্টভাবে কারণ জানানো সম্ভব হবে।