ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসছেন মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজিত ডোভাল
অজিত ডোভাল

বিমসটেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তাপ্রধানদের বৈঠকে যোগ দিতে মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিমসটেকের নিরাপত্তাপ্রধানদের দ্বিতীয় বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল শনিবার প্রথম আলোকে জানিয়েছে, তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসবেন অজিত ডোভাল। সাধারণত এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠকের ফাঁকে শীর্ষ রাজনীতিবিদদের সঙ্গে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাতের রীতি রয়েছে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিমসটেকের নিরাপত্তাপ্রধানদের সৌজন্য সাক্ষাতের সূচি ঠিক হয়নি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বহুমাত্রিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার বঙ্গোপসাগরীয় জোটের (বিমসেটেক) বৈঠকে এ অঞ্চলের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পাবে।

বিমসটেকের মহাসচিব এম শহীদুল ইসলাম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নিরাপত্তাপ্রধানদের আসন্ন বৈঠকে গত বছরের মার্চে অনুষ্ঠিত প্রথম বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা গেছে, গত বছরের ২১ মার্চ বিমসটেক নিরাপত্তাপ্রধানদের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতার বিভিন্ন বিষয়ের মধ্যে আইন প্রয়োগকারী, গোয়েন্দা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, সমন্বয়ের উন্নতি ও সক্ষমতা বাড়িয়ে সহিংস চরমপন্থা ও মৌলবাদের বিস্তার রোধ করার জন্য জোটবদ্ধভাবে জরুরি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সব দেশ রাজি হয়। এ ছাড়া অন্তর্জাল নিরাপত্তার ক্ষেত্রে একটি ফোরাম গঠনের মাধ্যমে সহযোগিতা বাড়াতেও সদস্যদেশগুলো সিদ্ধান্ত নেয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই অজিত ডোভালের প্রথম ঢাকা সফর। অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হয়ে ২০১৫ সালের জুনে ঢাকায় আসার কথা ছিল তাঁর। কিন্তু ওই সময়ে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে মিয়ানমার সীমান্তের ভেতরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিকেল স্ট্রাইকের তত্ত্বাবধানের জন্য ঢাকায় আসেননি অজিত ডোভাল।

এদিকে কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার শনিবার এক প্রতিবেদনে লিখেছে, বহুপক্ষীয় আলোচনার পাশাপাশি বাংলাদেশের শীর্ষ কর্তাদের সঙ্গেও সামগ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন ডোভাল। বাংলাদেশে ভোট বছরের শেষে। রাজনৈতিকভাবে এই গুরুত্বপূর্ণ সময়ে দুই দেশের যোগাযোগ বাড়ানোয় জোর দিচ্ছে ঢাকাও। নয়াদিল্লিও নজর রাখছে পরিস্থিতির ওপর। আগামী মাসের ৭ তারিখ সে দেশে যাচ্ছেন বিদেশসচিব বিজয় গোখলে। প্রতিবেশী রাষ্ট্রে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে যাতে সাম্প্রদায়িক হিংসা অথবা জঙ্গি সন্ত্রাসের মতো ঘটনা না বাড়ে, সেটাই চায় ভারত।