ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের প্রস্তুতির অংশ হিসেবে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন ২৮ আগস্ট ঢাকায় আসছেন। দুই দিনের এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনে প্রথম আলোকে বলেন, ২৮ আগস্ট দুপুরে একটি বিশেষ বিমানে ঢাকায় আসবেন শিবশংকর মেনন। পরদিন সন্ধ্যায় তিনি দিল্লি ফিরে যাবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের সাবেক এ পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মনমোহন সিংয়ের সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। তিনি আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এর পাশাপাশি শীর্ষ বৈঠক শেষে যেসব চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সইয়ের তালিকায় রয়েছে, সেগুলোর প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করবেন।প্রসঙ্গত, দুই প্রতিবেশী দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে মূল সমন্বয়ের কাজটি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভী এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন। আনুষ্ঠানিকভাবে দুই দেশের এ তিন উপদেষ্টা ‘উচ্চপর্যায়ের সমন্বয়কারী’ হিসেবে পরিচিত। মনমোহনের সফরের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ১৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা দিল্লি সফর করেন। এ সফরের সময় তাঁরা ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির পাশাপাশি প্রস্তুতির বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে মেননের সঙ্গে আলোচনা করেন।এর আগে জুলাই মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। গত ৪ জুলাই মহাকরণে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রাধান্য পায় তিস্তার পানিবণ্টনে অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের প্রসঙ্গটি। জানা গেছে, ওই বৈঠকে অভিন্ন নদীটির পানিবণ্টন চুক্তি সইয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।