ভারতের জেলে বাংলাদেশি শিশুর বিষাদময় জীবন
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সীমান্ত এলাকা থেকে মদসহ এক শিশুকে গ্রেপ্তার করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। ৪ নভেম্বর এ ঘটনা ঘটে। ওই শিশু এখন পশ্চিমবঙ্গের কুচবিহার জেলে মানবেতর জীবন যাপন করছে। ওই শিশুর নাম বিষাদ চন্দ্র (১০)। সে হাতিবান্ধা উপজেলার উত্তর জাওরানি এলাকার বলাই চন্দ্রের ছেলে। ৩১ বিজিবি ব্যাটালিয়নের একাধিক সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যরা ৪ নভেম্বর রাত নয়টায় উত্তর জাওরানি সীমান্তের বিপরীতে ভারতের ভূখণ্ড থেকে বিষাদকে মদসহ গ্রেপ্তার করেন। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি কাউকে না জানিয়ে বিএসএফের হাত থেকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। কিন্তু ব্যর্থ হয়ে তারা ঘটনার চার দিন পর বিষয়টি জাওরানি সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যদের জানায়।৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন বলেন, বিএসএফের পক্ষ থেকে আইনগত সমস্যার কথা জানিয়ে বিষাদকে কুচবিহার জেলে পাঠানোর কথা বলা হয়। তিনি আরও জানান, টাকা-পয়সার লোভে অনেক অভিভাবক সন্তানদের ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে আসার কাজে ব্যবহার করেন। শিশু বিষাদ এমনি ঘটনার শিকার একজন হতভাগ্য।