ভারতের টাকায় শিলাইদহ কুঠিবাড়ি সম্প্রসারিত হচ্ছে

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি এলাকায় ১৮ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণকাজ করা হবে। আগামী জানুয়ারি মাসে এ কাজ শুরু হতে পারে। সম্প্রসারণকাজের পুরো ব্যয় বহন করবে ভারতের সরকার।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় যৌথভাবে এই সম্প্রসারণকাজের ফলক স্থাপন করেন। এ সময় মন্ত্রী ও উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সম্প্রসারণকাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানা গেছে।
ফলক স্থাপনের পর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সম্প্রসারণকাজের নকশা বাংলাদেশ করেছে। এর বাস্তবায়নও করবে বাংলাদেশ। তবে সম্পূর্ণ অর্থায়ন করবে ভারত সরকার। মন্ত্রী বলেন, পাবনার শাহজাদপুরও রবীন্দ্রনাথের স্মৃতিধন্য স্থান। সে জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনেক আগেই ঘোষণা করেছিলেন। কিন্তু শাহজাদপুরে হয়েছে বলেই যে অন্য কোথাও রবীন্দ্রনাথের নামে কিছু হবে না এমন নয়।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরের সময় শিলাইদহে এসে কুঠিবাড়ি সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। তার ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হলো। সে কথা স্মরণ করে মন্ত্রী নূর বলেন, ‘ভারতের মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম সুহৃদ। আমাদের প্রতি তাঁর যে ভালোবাসা ও মমত্ববোধ, সেটা অকৃত্রিম। পুরো প্রকল্পটি তাঁর দেওয়া টাকায় বাস্তবায়িত হচ্ছে। এ জন্য ভারতীয় রাষ্ট্রপতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মন্ত্রীর সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকতারী মমতাজ, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ আবদুর রউফ, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রীর সঙ্গে আরও ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাব হোসেন। মহাপরিচালক জানান, এই টাকা দিয়ে কুঠিবাড়ির পাশে প্রায় ৬ দশমিক ৬ একর জায়গায় বিভিন্ন ধরনের স্থাপনা করা হবে। এর মধ্যে রয়েছে রবীন্দ্র কুঠিবাড়িতে প্রবেশের নান্দনিক প্রধান ফটক, ক্যাফেটেরিয়া, রবীন্দ্র-গবেষকদের জন্য গেস্ট হাউস, গ্রন্থাগার কাম নথিপত্র সংরক্ষণকেন্দ্র, আলাদা একটা গ্রন্থাগার, উন্মুক্ত মঞ্চ, পর্যটকদের জন্য শৌচাগার ও গাড়ি রাখার স্থান (পার্কিং)। সব স্থাপনাই করা হবে কুঠিবাড়ির রঙের সঙ্গে মিল রেখে।
আলতাব হোসেন জানান, কুষ্টিয়ার কৃতী সন্তান স্থপতি রবিউল হুসাইন এই সম্প্রসারণকাজের নকশা তৈরি করেছেন। সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এই সম্প্রসারণকাজ করবে ভারত। আগামী জানুয়ারি মাসে কাজ শুরু হতে পারে।