ভারতের ত্রাণে সংশয় দূর হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সফরে রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য এবং তারপরই বালি ঘোষণাপত্রে এই বিষয়ে একমত না হয়ে সই না করা বাংলাদেশের মনে কিছু সংশয় ও ভুল-বোঝাবুঝির সৃষ্টি করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

গত বুধবার সন্ধ্যায় এক ঘরোয়া আলাপচারিতায় এই মন্তব্য করে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ভারতের এই মনোভাবে বাংলাদেশের মানুষ আহত ও হতাশ হয়েছিলেন। সুখের কথা, একটু দেরিতে হলেও ভারত সেই ভুল-বোঝাবুঝি ও সংশয় দূর করতে পেরেছে। তিনি বলেন, রোহিঙ্গাদের ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে ভারত এটা বুঝিয়ে দিয়েছে, এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে তারা আছে।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের কাছে রোহিঙ্গারা যে ‘নরম মাটি’, সে বিষয়ে ভারতীয় গোয়েন্দাদের কাছে অকাট্য কিছু প্রমাণ আছে। কাজেই ভারত শুরু থেকে কিছুটা সাবধানি। একই রকম উদ্বেগ বাংলাদেশেরও রয়েছে। রোহিঙ্গাদের মধ্যে আইএসআই ও আইএসের প্রভাবের বেশ কিছু প্রমাণ বাংলাদেশের হাতে আছে। তিনি বলেন, ‘উদ্বাস্তু হয়ে আসা রোহিঙ্গাদের কেউ কেউ এই দুরভিসন্ধি নিয়ে বাংলাদেশের সুস্থিতি নষ্ট করতে পারে এমন সংশয় আমাদেরও রয়েছে। কিন্তু তাই বলে সমস্যাটার মানবিক দিক উপেক্ষা করা যায় না। বাংলাদেশ তা করছেও না।’