ভারতের দৃষ্টিভঙ্গি বুঝলে লাভ হবে যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকায় ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাইছে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।
সালমান খুরশিদ দ্য হিন্দু পত্রিকাকে বলেন, ‘আমরা তৃতীয় কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কথা বলতে আগ্রহী নই। কিন্তু কিছু অভ্যন্তরীণ প্রতিষ্ঠানকে ঘিরে বাংলাদেশ সরকারের কর্মকাণ্ড বিচার-বিশ্লেষণে তাদের (ওয়াশিংটনের) দৃষ্টিভঙ্গি নিশ্চিতভাবে আমাদের (দিল্লির) থেকে ভিন্ন। ওয়াশিংটনে থাকার সময় আমি এটা লক্ষ করেছিলাম।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মতপার্থক্য কমানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে কাজ করছে।
সালমান খুরশিদ বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রের জন্য সহায়ক হবে। তিনি বলেন, ‘ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের চেয়ে ভারত বাংলাদেশের বেশি কাছে। সুতরাং, এ অঞ্চল ও মানুষের অনুভূতি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।’
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে প্রধান বিরোধী দল বর্জন করার পর থেকে দেশের অভ্যন্তরে সহিংসতার পরিমাণ বেড়ে গেছে। তা ছাড়া জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর এবং বাকি নেতাদের মামলার রায়ের পর সহিংসতা বেড়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব করলেও প্রধান বিরোধী দলের নেত্রী তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সম্পর্কে সালমান খুরশিদ বলেন, বাংলাদেশের অবস্থান অবশ্যই অত্যন্ত নাজুক ও অস্থির। সরকার ও প্রধান বিরোধী দল কীভাবে নির্বাচনপ্রক্রিয়া এগিয়ে নেবে, সে ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে পারছে না।
বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক জটিলতা নিয়ে ভারত বিশেষভাবে উদ্বিগ্ন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বন্ধুরাষ্ট্রের নির্বাচনে যা-ই ঘটুক, আমরা কারও পক্ষ নিতে পারি না। গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে এবং এই প্রক্রিয়া নস্যাৎকারী সহিংসতাকে প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’