ভারতের দেওবন্দের আদলে স্বীকৃতি চাই: আহমদ শফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষা সনদকে ভারত সরকার যেভাবে মর্যাদা দেয়, সে আদলে কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতির দাবি জানিয়েছেন বেফাকের সভাপতি শাহ আহমদ শফী।

আজ সোমবার সকালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ (বেফাক) আঞ্চলিক বোর্ডের প্রতিনিধিদের যৌথ সভায় আহমদ শফী এ দাবি জানান। তিনি বলেন, কওমি মাদ্রাসাগুলো দেওবন্দের নীতি-আদর্শে পরিচালিত হয়। সুতরাং সনদসহ অন্য যেকোনো বিষয়ে দেওবন্দের নীতি-আদর্শের পরিপন্থী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

আহমদ শফী বলেন, ভারতের দেওবন্দ মাদ্রাসা সরকারের সঙ্গে কোনো ধরনের নিয়ন্ত্রণ ও দাপ্তরিক সম্পর্ক ছাড়াই স্বাধীনভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এরপরও হিন্দুপ্রধান ভারত সরকার মাদ্রাসার সনদকে বিশেষ মর্যাদা দেয়। ভারতে কওমির ছাত্ররা অর্ধেক ভাড়ায় যাতায়াতসহ সাধারণ শিক্ষার্থীদের দেওয়া সব সুবিধা ভোগ করছে। সরকারের কাছে জিজ্ঞাসা, মুসলিম অধ্যুষিত বাংলাদেশের কওমি ছাত্র-শিক্ষকদের এর ন্যূনতম মর্যাদা ও সুবিধা দিচ্ছে কি?
আহমদ শফী বলেন, ‘আমরা দেওবন্দের নীতি-আদর্শে চলতে চাই। সরকার দেওবন্দের মতো কওমি সনদের মান দিতে রাজি না হলে, ২০০ বছর ধরে যেভাবে চলে আসছে, সেভাবে চলবে।’ তিনি কওমি আলেমদের ঐক্য নষ্ট করতে নানা কূটকৌশল ও ফাঁদ পাতা হয়েছে দাবি করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় কওমি শিক্ষার সনদসহ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে শাহ আহমদ শফীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত বক্তব্য পাঠানোর সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে আট সদস্যের প্রতিনিধিদল ঠিক করা হয়েছে। পাশাপাশি সনদের স্বীকৃতির বিষয়ে ১৭ অক্টোবর ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলনে পরামর্শ গ্রহণের সিদ্ধান্ত হয়।

শাহ আহমদ শফীর সভাপতিত্বে সভায় বেফাকসহ হবিগঞ্জ দ্বীনি শিক্ষা বোর্ড, ইত্তেফাকুল মাদারিসিল আরাবিয়া মুন্সিগঞ্জ, ইত্তেহাদু উলামা-ই-মাদারিসিল কওমিয়া ভোলা, তানযীমুল মাদারিস ফেনী, তালীমী বোর্ড মাদানীনগর, এদারায়ে তালিমিয়া বি-বাড়ীয়া ও বৃহত্তর চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা অংশ নেন।

আলেমদের মধ্যে বক্তব্য দেন আশরাফ আলী, তফাজ্জুল হক, নূর হোসাইন কাসেমী, জুনায়েদ বাবুনগরী, আনওয়ার শাহ, মুফতি ওয়াক্কাস, আবদুল জাব্বার, আবদুল হামিদ, আবদুল কুদ্দুস, নূরুল ইসলাম, হাবীবুর রহমান প্রমুখ।