ভারতের দেওয়া বৃত্তি পেল ২০২ জন শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২ সালে চট্টগ্রামের মুক্তিযোদ্ধার ২০২ জন সন্তানকে মেধাবৃত্তি দিয়েছে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ বৃত্তি দেওয়া হয়।বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি জামাল নজরুল ইসলাম ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার থিমাইয়া।প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে ভারত সরকার এ বৃত্তি দিচ্ছে। এ বছর সারা দেশের উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের এক হাজার ৯৩ জন শিক্ষার্থীকে প্রায় দেড় কোটি টাকার মেধাবৃত্তি দেওয়া হয়। এর মধ্যে গতকাল চট্টগ্রাম বিভাগের ২০২ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হলো।অনুষ্ঠানে মেয়র এম মন্জুর আলম বলেন, ‘এ বৃত্তি দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছে। আমি আশা করি, আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের প্রগতিশীল মানুষের সঙ্গে ছিল; এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সংখ্যার বিচারে এ বৃত্তি খুব বড় কিছু নয়। কারণ, ভারতের মতো বিশাল দেশেও দারিদ্র্য, নিরক্ষরতা ইত্যাদি নানা সমস্যার সমাধান করতে হচ্ছে। তার পরও এ সহযোগিতার মাধ্যমে আমরা এটুকু বলতে পারি, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে। আমরা প্রগতিশীলতার সঙ্গে আছি, এ দেশের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে আছি।’