ভারতের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গতকাল বৃহস্পতিবার জানান, এক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, রামনাথের নেতৃত্বে ভারতের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশা করেন। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোয় আরও শক্তিশালী হবে।
রামনাথ কোবিন্দকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভারতের প্রেসিডেন্টের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ায় আমি আপনাকে বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ তিনি আরও বলেন, তাঁর সরকার দুদেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহুমুখী সম্পর্কোন্নয়নে ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
রামনাথ কোবিন্দের মেয়াদকালে তাঁর সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন বার্তায় তাঁকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আশা প্রকাশ করেন, ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের গতিশীল নেতৃত্বে সামনের দিনগুলোয় আঞ্চলিক রাজনীতিতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। এ ছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে।