ভারতের নৌসচিব আগামী মাসে ঢাকায় আসছেন
বাংলাদেশের সঙ্গে উপকূলীয় জাহাজ চলাচল চালুর বিষয়ে আলোচনার জন্য ভারতের নৌপরিবহনসচিব বিশ্বপতি ত্রিবেদী আগামী মাসের প্রথমার্ধে ঢাকায় আসছেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে এ নিয়ে আলোচনা করেন।
পঙ্কজ সরন গতকাল সন্ধ্যায় পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। বৈঠকের পর পররাষ্ট্রসচিব প্রথম আলোকে জানান, তাঁর সাম্প্রতিক দিল্লি সফর নিয়ে হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ কেন কমছে, তা খতিয়ে দেখতে ভারতের কর্মকর্তাদের পশ্চিমবঙ্গ যাওয়ার বিষয় নিয়ে কথা হয়েছে। এ ছাড়া আগামী মাসে ঢাকায় দ্বিপক্ষীয় বিভিন্ন বৈঠক নিয়েও তাঁরা কথা বলেন।
পররাষ্ট্রসচিব জানান, ভারতের নৌপরিবহনসচিব ছাড়াও আগামী মাসে ঢাকায় দুই দেশের বস্ত্র ও পাট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক নিয়ে হাইকমিশনারের সঙ্গে তাঁর কথা হয়েছে।
পররাষ্ট্রসচিব ১৯ মার্চ তিন দিনের সফরে দিল্লি যান। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং, স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী, পানিসম্পদসচিব অলক রাওয়াত, বিদ্যুৎ-সচিব প্রদীপ কুমার সিনহা, বাণিজ্য ও শিল্পসচিব এস আর রাও, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সচিব সৌরভ চন্দ্র এবং বস্ত্রসচিব জোহরা চ্যাটার্জির সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে পররাষ্ট্রসচিব সৌজন্য সাক্ষাৎ করেন।