ভারতের নয়াদিল্লিতে চার বাংলাদেশি শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয়াদিল্লিতে চার বাংলাদেশি শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ১৪ বছরের নিচে। স্থানীয় পুলিশ ও লাজপট নগরের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি) ওই শিশুদের উদ্ধার করে। গতকাল রোববার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়।পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, উদ্ধার হওয়া শিশুরা নিজামউদ্দিন উড়ালসড়কের নিচে বসবাস করত এবং তাদের ভিক্ষুকের মতো করে জীবন যাপনে বাধ্য করা হতো। জুয়েল নামের এক বাংলাদেশি ওই শিশুদের ভারতে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। জুয়েল সংগঠিতভাবে ভিক্ষাবৃত্তির একটি ব্যবসা পরিচালনা করছে।পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জুয়েল ওই শিশুদের উড়ালসড়কের কাছে ভিক্ষা করতে বাধ্য করত এবং সব সময়ই ওই শিশুদের ভিক্ষার টাকা কেড়ে নিত। জুয়েল মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তার খোঁজে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।সিডব্লিউসির এক কর্মকর্তা জানান, ওই শিশুদের বিষয়ে বিস্তারিত বাংলাদেশের বেসরকারি সংস্থা (এনজিও) বাটারফ্লাইস ও অপরাজেয়-এর কাছে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। এর জবাবে একটি শিশুর পরিবার সিডব্লিউসির সঙ্গে মুঠোফোনে যোগাযোগও করেছে। ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার বিস্তারিত নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনকেও জানানো হয়েছে।