ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসছেন শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্র, পূর্বাঞ্চলীয় উন্নয়ন ও বৈদেশিক সম্পর্কবিষয়ক প্রতিমন্ত্রী ভি কে সিং আগামী শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পর এটি হবে নরেন্দ্র মোদির মন্ত্রিসভার কোনো সদস্যের দ্বিতীয় সফর। গত জুনে সুষমা স্বরাজ ঢাকা সফর করেন।

আজ বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী রোববার ঢাকায় অনুষ্ঠেয় ‘এ নিউ ফেইজ ইন বাইলেটারেল রিলেশনস’ শীর্ষক সম্মেলনে বক্তব্য দেবেন বি কে সিং।

ভারতীয় হাইকমিশনের সহায়তায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি), কলকাতা ও ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। দ্বিপক্ষীয় ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে দুই দেশের জ্যেষ্ঠ নীতিনির্ধারক ও ব্যবসায়িক প্রতিনিধিরা সম্মেলনে আলোচনা করবেন।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ভি কে সিং ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও ত্রিপুরা রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী তপন চক্রবর্তী এ সম্মেলনে যোগ দেবেন।