ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন ২৬ জুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় আসছেন। গত মঙ্গলবার সরকারি একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, ২৬ জুন তাঁর ঢাকা সফরের কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২৬ জুন এসে একাধিক দিন ঢাকায় থাকতে পারেন। ঢাকায় অবস্থানকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া দিল্লি সফরের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সফরের সময় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষ য় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সুষমা স্বরাজ আলোচনা করবেন। সুষমা স্বরাজের সঙ্গে সরকারি পর্যায়ে একাধিক বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।
শেখ হাসিনা গত ২৬ মে ভারতের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি লেখেন। চিঠিতে তিনি দুই দেশের উন্নতিতে একসঙ্গে কাজ করার ওপর তাগিদ দেন৷ তিনি নরেন্দ্র মোদিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সুষমা স্বরাজকে অভিনন্দন ও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এ এইচ মাহমুদ আলী।
এদিকে ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রথম বিদেশ সফরে ভুটান যাচ্ছেন ভারতের নতুন প্রধানমন্ত্রী৷ ভারতের লোকসভার চলতি অধিবেশন শেষে জুনের তৃতীয় সপ্তাহে এ সফর হওয়ার সম্ভাবনা রয়েছে। মোদির সফরের প্রস্তুতি হিসেবে ভারত সরকারের একটি অগ্রবর্তী দল আজ শুক্রবার ভুটান যাচ্ছে৷