ভারতের পররাষ্ট্রমন্ত্রী শনিবার ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ দুই দিনের সফরে আগামীকাল শনিবার ঢাকায় আসছেন। বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) দ্বিতীয় বৈঠকে যোগ দিতে তিনি এই সফর করবেন।২০১১ সালের সেপ্টেম্বরে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের সই করা উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি অনুযায়ী জেসিসি গঠন করা হয়। পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে জেসিসির সভায় সহযোগিতার বিভিন্ন খাতে অগ্রগতি পর্যালোচনা এবং নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়ে থাকে।ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সালমান খুরশিদ এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।গত বছরের অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সালমান খুরশিদের এটি প্রথম বাংলাদেশ সফর। অবশ্য এর আগে ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের ৯০তম বার্ষিকীর যৌথ উদ্যাপনে অংশ নিতে গত বছরের মে মাসে ভারতের আইন, বিচার ও সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী হিসেবে তিনি ঢাকায় এসেছিলেন।