ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ আজ মঙ্গলবার নয়াদিল্লিতে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন
ছবি: তথ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

ভারত সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ আজ মঙ্গলবার নয়াদিল্লিতে সে দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে বৈঠক করেছেন। তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের সরকারি বাসভবনে তাঁর সঙ্গে বৈঠকে হাছান মাহমুদ দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মীয়মান বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বায়োপিকের অগ্রগতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র নির্মাণ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

হাছান মাহমুদ এ সময় বিদেশি টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত ক্লিন ফিড সম্প্রচারের বিষয়ে যে আইন রয়েছে, তা প্রয়োগের সিদ্ধান্ত ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে জানান। শুভেচ্ছা স্মারক হিসেবে তাঁর হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ইংরেজি অনুবাদ গ্রন্থ এবং নৌকা প্রতীক তুলে দেন হাছান মাহমুদ।

আজ দুপুরে হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে নয়াদিল্লির সাউথ ব্লকে বৈঠক করেন। দুই দেশের মধ্যে জনযোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কোভিড পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা বৈঠকে স্থান পায়।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, ডেপুটি হাইকমিশনার নূরাল আলম ও প্রেস মিনিস্টার শাবান মাহমুদ মন্ত্রীর সঙ্গে ছিলেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আগামীকাল বুধবার দেশে ফিরছেন।