ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায়

ভারতের নতুন পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের সফরে আজ সোমবার ঢাকায় এসেছেন।
জয়শঙ্করকে বহনকারী ফ্লাইটটি আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সার্কযাত্রার অংশ হিসেবে জয়শঙ্কর ‘শুভেচ্ছা সফরে’ বাংলাদেশে এসেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনা অনুযায়ী দেশটির পররাষ্ট্রসচিব এই সার্কযাত্রা করছেন।
১ মার্চ ভুটান সফরের মধ্য দিয়ে জয়শঙ্করের সার্কযাত্রার প্রথম পর্যায় শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে তিনি ভুটান থেকে আজ বাংলাদেশে এলেন। এরপর অন্য দেশগুলো সফর করবেন তিনি।
জয়শঙ্কর ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শহীদুল হকের সঙ্গে জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠকটি হওয়ার কথা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের পররাষ্ট্রসচিবের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব।
বিকেল তিনটায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।
সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবনের সৌজন্য সাক্ষাৎ করবেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব।
গত ২৯ জানুয়ারি ভারতের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন জয়শঙ্কর।