ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পররাষ্ট্রসচিব বিজয় কেশব গোখেল।
ভারতের পররাষ্ট্রসচিব বিজয় কেশব গোখেল।

বহুল আলোচিত তিস্তা পানিবণ্টনসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে সামগ্রিক আলোচনা করতে আজ রোববার বিকেলে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিজয় কেশব গোখেল।

এক কূটনৈতিক সূত্র বলেছে, বিজয় গোখেল কাল সোমবার বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ শহীদুল হকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন। সফরে কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করবে উভয় পক্ষ। তবে কোন ক্ষেত্রগুলোতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে সে বিষয়ে কর্মকর্তারা কিছু বলেননি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু সূত্র জানায়, এ বছর কমনওয়েলথ সরকারপ্রধানদের অনুষ্ঠেয় বৈঠকের বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা নিয়েও দুই পররাষ্ট্রসচিবের বৈঠকে আলোচনা হতে পারে। ১৬-২০ এপ্রিল লন্ডন ও উইন্ডসর শহরে কমনওয়েলথ সরকারপ্রধানদের ওই বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

বাংলাদেশের কর্মকর্তারা বলেন, দুই দেশের পররাষ্ট্রসচিব অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোতেও নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। আগামীকাল বিকেলে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের পররাষ্ট্রসচিব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীও উপস্থিত থাকবেন।