সার্কভুক্ত দেশগুলোর মধ্যে গাড়ি নিয়ে যাতায়াতের সুবিধা চালু হচ্ছে। এই সুবিধা পুরোপুরি শুরুর আগে চার দেশের একাধিক মোটর শোভাযাত্রা হবে। শোভাযাত্রার আগে বাংলাদেশের সড়কের অবস্থা দেখতে ভারতের তিন সদস্যের একটি দল গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে।
ভারতীয় গাড়িতে করে দলটি গতকাল বেলা সাড়ে তিনটায় আখাউড়া স্থলবন্দর দিয়ে এ দেশে প্রবেশ করে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় দলটিকে স্বাগত জানান। শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, রমেশ চন্দ্র মহাপাত্রের নেতৃত্বে দলটি বাংলাদেশের সড়কের অবস্থা দেখতে এসেছে। গাড়িতে করে তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় যাবে। সেখান থেকে যাবে চট্টগ্রামে। পরে সেখান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকায় ফিরবে। ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে ফিরবে ৪ অক্টোবর।
চলতি বছরের ১৪ নভেম্বর চার দেশের (বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল) মোটর শোভাযাত্রা শুরু হবে। শেষ হবে ১ ডিসেম্বর। তবে ঠিক কোন দেশ ও স্থান থেকে এই শোভাযাত্রা শুরু হচ্ছে আর কোথায় শেষ হবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি সওজ।