চট্টগ্রামে আজ বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের এক সীমান্ত বৈঠকে যোগ দিতে ভারতের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি বাংলাদেশে আসে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোশাররফ হোসেন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান। স্থলবন্দরে অভিবাসন-সংক্রান্ত কিছু কাজ শেষে বেলা ১১টায় প্রতিনিধিদলটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে তিন দিনের এ বৈঠক শুরু হওয়ার কথা। চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এ বিষয়ে গতকাল প্রথম আলোকে বলেন, ‘আজ (বুধবার) সকাল ১০টায় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আমাদের এক বৈঠক শুরুর কথা রয়েছে।’
সফররত প্রতিনিধিদলটিতে রয়েছেন মিজোরাম রাজ্যের দুজন ডেপুটি কমিশনার ও তিনজন পুলিশ সুপারিনটেনডেন্ট। দলের নেতৃত্ব দিচ্ছেন মিজোরামের লংলাই জেলার ডেপুটি কমিশনার আশিস মোদকর। বৈঠক শেষে আগামীকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরত যাওয়ার কথা রয়েছে প্রতিনিধিদলটির।