প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ বলেছেন, আপনি ভারতের কাছে এত দুর্বল কেন? দিয়েছি তো বহু আর কত দিতে হবে?
গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রামপাল বিদ্যুৎ প্রকল্প এবং সুন্দরবন’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এমাজউদ্দীন এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের প্রতি প্রধানমন্ত্রীর দুর্বলতার কোনো সীমা নেই। ভারতের সবকিছু তাঁর কাছে পবিত্র মনে হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে এমাজউদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের স্বাধীনতাযুদ্ধে সহায়তা করায়, আপনাদের জনগণের কাছে আমরা কৃতজ্ঞ। এর একটা মূল্য আছে। এটা আমরা বহুদিন ধরেই শোধ করছি। আমার মনে হয়, জাতি হিসেবে আমাদের ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ ভারতবিরোধী। ভারতবিরোধী এই কারণে যে, বর্তমান সরকারের সঙ্গে আপনাদের সম্পর্ক। অথচ সম্পর্ক থাকা উচিত ছিল বাংলাদেশের জনগণের সঙ্গে। আন্তর্জাতিক সম্পর্ক তো সেটাকেই বলে।’
ভারতের উদ্দেশে এমাজউদ্দীন বলেন, ‘এখনো সময় আছে, বাংলাদেশের জনস্বার্থে সংশোধন হোন। আমাদের আকাঙ্ক্ষা সম্পর্কে সচেতন হোন।’ তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্রকে সুন্দরবন ধ্বংসকারী প্রকল্প অ্যাখা দিয়ে তা বাতিল এবং সৌরবিদ্যুতের দিকে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় ‘রামপাল বিদ্যুৎ প্রকল্প ও সুন্দরবন’ নিয়ে মূল প্রবন্ধ উপস্থান করেন সাংবাদিক এহসানুল হক। বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা আকবর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।