ভারতের প্রতি আহ্বান:s বাংলাদেশের বিপর্যয় অনুধাবন করে নদী প্রকল্প বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের মানুষের সমস্যা ও বিপর্যয়ের বিষয় অনুধাবন করে প্রতিবেশী দেশটি যেন আন্তনদী-সংযোগ প্রকল্পসহ টিপাইমুখ বাঁধ ও মাইনথ্রু প্রকল্প বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেয়।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এই আহ্বান জানান। ভারতের আন্তনদী-সংযোগ, টিপাইমুখ বাঁধ ও মাইনথ্রু প্রকল্প বন্ধের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের সভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেন, আন্তনদী-সংযোগের বিষয়ে ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি সে দেশের সরকারকে যে নির্দেশ দিয়েছেন, এতে বাংলাদেশিরা খুব উদ্বিগ্ন। বিশেষজ্ঞদের সবাই একমত যে এ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য তা মহাবিপর্যয় ডেকে আনবে। এতে মানুষের জীবন-জীবিকা, পরিবেশ ও নদ-নদীর ওপর গভীর প্রভাব পড়বে। আবুল মকসুদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র ভারত। তাই আশা করি, বাংলাদেশের মানুষের সমস্যা, মানবিক বিপর্যয়ের বিষয় ভারত অনুধাবন করবে এবং আন্তনদী-সংযোগ প্রকল্পসহ টিপাইমুখ বাঁধ ও মাইনথ্রু প্রকল্প যাতে বাস্তবায়িত না হয়, সে বিষয় নিশ্চিত করবে।’ সমাবেশে আরও বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, শরীফ জামিল প্রমুখ।সমাবেশ থেকে বেশ কয়েকটি দাবি জানানো হয়। এসব দাবির মধ্যে রয়েছে ভারতকে অবিলম্বে আন্তনদী-সংযোগ প্রকল্প ও টিপাইমুখ বাঁধ নির্মাণ পরিকল্পনা বন্ধ ও বাতিল ঘোষণা; ব্রহ্মপুত্রের ওপর চীনের বাঁধ নির্মাণকাজ বন্ধ; সারী নদীর উজানে ভারতীয় মাইনথ্রু বাঁধ অপসারণ প্রভৃতি। বিজ্ঞপ্তি।