ভারতের প্রতিরক্ষামন্ত্রী আসছেন আজ
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার আজ বুধবার দুদিনের সফরে ঢাকায় আসছেন। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সামর্থ্য বাড়ানোর পাশাপাশি দুই দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে তিনি বাংলাদেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এ ছাড়া ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় নিরাপত্তাবিষয়ক একটি রূপরেখা চুক্তি সই হতে পারে। সেটা চূড়ান্ত করার বিষয়েও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনা করার কথা রয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে সে দেশের বার্তা সংস্থা পিটিআই গতকাল মঙ্গলবার এ খবর দিয়েছে। ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী দুই দেশের নিরাপত্তা সহযোগিতার এক নতুন রূপরেখা নিয়ে আলোচনা করবেন। রূপরেখাটিতে সমরাস্ত্র সরবরাহ বাড়ানো, প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণ ও যৌথ মহড়ার পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বাড়ানোর উপাদানগুলো থাকছে।
আইএসপিআর জানায়, ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারের নেতৃত্বে ১১ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ভারতীয় বিশেষ বিমানে আজ ঢাকায় আসবে। কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে ভারতীয় প্রতিনিধিদলটিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভ্যর্থনা জানাবেন।