ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায় আসছেন
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার এ মাসের শেষে এক দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সামর্থ্য বাড়ানো, প্রযুক্তি সহযোগিতা ও যৌথ মহড়ার বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করবেন। সাম্প্রতিক অতীতে এটাই হতে যাচ্ছে ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রীর প্রথম ঢাকা সফর। সত্তরের দশকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম ঢাকায় এসেছিলেন।
গতকাল বুধবার দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানিয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশ সফরের প্রস্তুতি চলছে।
এদিকে ভারতের টাইমস অব ইন্ডিয়া সে দেশের সরকারি বরাত দিয়ে গতকাল এক খবরে জানিয়েছে, ৩০ নভেম্বর দুদিনের সফরে মনোহর পারিকার ঢাকায় আসছেন। এ সফরের সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী দুই দেশের নিরাপত্তা সহযোগিতার এক নতুন রূপরেখা নিয়ে আলোচনা করবেন। নতুন রূপরেখাটিতে সমরাস্ত্র সরবরাহ বাড়ানো, প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণ ও যৌথ মহড়ার পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বাড়ানোর মতো উপাদান থাকবে। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের আগে নরেন্দ্র মোদির মন্ত্রিসভার কোনো জ্যেষ্ঠ সদস্য হিসেবে ঢাকায় আসছেন মনোহর পারিকার।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিসিলি ও মরিশাস থেকে শুরু করে বাংলাদেশ, মিয়ানমার ও নেপাল প্রতিবেশী যেকোনো দেশেই চীনের হঠাৎ করে ঢুকে পড়া প্রতিহত করার চেষ্টা করছে ভারত। শ্রীলঙ্কাকে এয়ার ডিফেন্স গান, রাডার ও মাইন প্রোটেক্টেড ভেহিক্যালস দেওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশটির নৌবাহিনীর জন্য দুটি ওপিভি বা অফশোর পেট্রল ভেসেল তৈরি করছে ভারত।
ভারতের সরকারি সূত্রটি টাইমস অব ইন্ডিয়াকে বলছে, একইভাবে সৃজনশীল অর্থায়ন-প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকেও অফশোর পেট্রল ভেসেল সরবরাহ করতে পারে ভারত। সামগ্রিক সামর্থ্য বাড়ানোর অংশ হিসেবে ভারতের সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের পরিমাণ বাড়ানো হবে।
বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে ষষ্ঠ যৌথ সামরিক মহড়া চলছে। টাঙ্গাইলে দুই দেশের সেনাবাহিনী ‘সম্প্রীতি’ নামের এ মহড়ায় অংশ নিচ্ছে। ভারত সরকারের একটি সূত্র বলেছে, এ মহড়ায় সন্ত্রাস মোকাবিলার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।