খাদ্য বিভাগের জন্য ভারতীয় সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের আমদানি করা প্রায় ১০ হাজার মেট্রিক টন গম মানসম্মত নয়। খাদ্য বিভাগের প্রাথমিক রাসায়নিক পরীক্ষায় ওই গম নিম্নমানের বলে প্রমাণ পাওয়া গেছে। জাহাজটিতে মোট ৪৭ হাজার ৫০০ মেট্রিক টন গম রয়েছে। ওই প্রতিষ্ঠানটি গমগুলো অস্ট্রেলিয়া থেকে আমদানি করেছে।জানা গেছে, ভারতের প্রতিষ্ঠান এলএমজে ইন্টারন্যাশনাল এমভি আবু আল-আবিয়াদ নামের জাহাজে করে খাদ্য বিভাগের জন্য গমগুলো সরবরাহ করে। প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারের গম সরবরাহের চুক্তি হয়েছে। এর আগে একই কোম্পানির আমদানি করা গমের একটি চালানে প্রায় নয় হাজার টনের মান খারাপ পাওয়া যায়। এ কারণে সরকার ওই গম গ্রহণ করেনি।চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ১২ মে জাহাজটি কুতুবদিয়া গভীর সাগরে পৌঁছে। ১৬ মে খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র থেকে আমদানি করা গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মোট পাঁচটি হ্যাচের গমের মধ্যে চারটির গম ভালো পাওয়া যায়। কিন্তু ১ নম্বর হ্যাচের গম মানসম্মত নয়। ওই হ্যাচে ১০ হাজার ৩৭৩ টন গম রয়েছে। ওই গম খালাসের ছাড়পত্র দেওয়া হয়নি।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১ নম্বর হ্যাচের গমের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী গমগুলোর দাম প্রায় ২৭ কোটি টাকা। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী রসায়নবিদ রফিকুল ইসলামের তৈরি করা প্রাথমিক বিশ্লেষণ প্রতিবেদনে দেখা যায়, চুক্তি অনুযায়ী গমগুলোয় নষ্ট দানার পরিমাণ সর্বোচ্চ ৪ শতাংশ থাকার কথা। বাস্তবে পাওয়া গেছে ১৬ দশমিক ৯৯ শতাংশ। এ ছাড়া গমের আপেক্ষিক ওজনও চুক্তির বিনির্দেশের চেয়ে কম পাওয়া গেছে।সংঘনিরোধ কেন্দ্রের ভারপ্রাপ্ত সংঘনিরোধ কীটতত্ত্ববিদ মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, ১ নম্বর হ্যাচের গম খালাসের ছাড়পত্র দেওয়া হয়নি। এ গমের নমুনা পরীক্ষার জন্য কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। শুধু চারটি হ্যাচের ওপরিভাগের ২৩ হাজার ৫০০ টন গমের ছাড়পত্র দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান বলেন, ‘চুক্তি অনুযায়ী বিনষ্ট দানার পরিমাণ থাকার কথা ৪ শতাংশ। কিন্তু প্রাথমিক পরীক্ষায় প্রায় ১৬ শতাংশ গম বিনষ্ট পাওয়া গেছে। তাই আমরা ১ নম্বর হ্যাচের গম গ্রহণ করব না বলে সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি।’