বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত অন্যতম বৃহৎ আন্তর্জাতিক নদী তিস্তা। এর মোট ৩১৫ কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে ১১৫ কিলোমিটার এবং অববাহিকার ১৭ শতাংশ পড়েছে বাংলাদেশে। কিন্তু ভারত তিস্তার উজানে গজালডোবায় বাঁধ দিয়ে রংপুরের তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পকে কাগুজে প্রকল্পে পরিণত করেছে।
রাজধানীর শাহবাগে গতকাল শনিবার বুদ্ধিজীবী-সংস্কৃতিকর্মী-শ্রমিক-পেশাজীবী ও রাজনৈতিক কর্মীদের এক সমাবেশে বক্তারা এই অভিযোগ করেন। সমাবেশের শিরোনাম ছিল ‘তিস্তা বাঁচাও, পদ্মা বাঁচাও, দেশ বাঁচাও’!
সমাবেশে প্রতিবেশ আন্দোলনের সংগঠক আবুল হাসান বলেন, একসময় শীত মৌসুমেও তিস্তা নদীতে ১৪ হাজার কিউসেক পানি প্রবাহিত হতো। কিন্তু সীমান্তের ৬৫ কিলোমিটার উজানে পশ্চিমবঙ্গের গজালডোবা ব্যারাজে ভারতের পানি প্রত্যাহারের ফলে মাত্র কয়েক দশকে বাংলাদেশ অংশে পানিপ্রবাহ কমে দাঁড়ায় চার হাজার কিউসেকে। আর এবারের খরায় এ প্রবাহ ৫০০ কিউসেকে নেমেছে, যা এ পর্যন্ত সর্বনিম্ন। তিস্তা অববাহিকার ১২ উপজেলার ৬৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা যাচ্ছে না। সেখানে ভূগর্ভস্থ পানির স্তর ২৫-৩০ ফুট মাটির নিচে নেমে গেছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ভারত তিস্তা থেকে পানি সরিয়ে নেওয়ায় শুষ্ক মৌসুমে প্রমত্তা তিস্তা পরিণত হয় ধু ধু বালুর প্রান্তরে। অন্যদিকে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছাড়ার ফলে বাংলাদেশ অংশে দেখা দেয় বন্যা ও নদীভাঙন।
গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক আবদুস সাত্তার জানান, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে তাঁরা ৮ থেকে ১০ এপ্রিল ‘ঢাকা-তিস্তা ব্যারেজ রোড মার্চ’ কর্মসূচির আয়োজন করেছেন।
সমাবেশে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন সংগীত সংস্কৃতি প্রাঙ্গণের অমল আকাশ, রামু আন্দোলনের জ্যোর্তিময় বড়ুয়া, প্রাবন্ধিক ফিরোজ আহমেদ, উত্তরবঙ্গ আন্দোলনের ফরিদুল ইসলাম, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত মল্লিক প্রমুখ।
সিপিবি-বাসদের তিস্তা মার্চ: তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ‘তিস্তা মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল সকালে রাজধানীর পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন আয়োজকেরা। এতে সূচনা বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এবং লিখিত বক্তব্য উপস্থাপন করেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৭ এপ্রিল দেশব্যাপী ‘দাবি দিবস’ পালন। ১৭ এপ্রিল বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং তারপর তিস্তা অভিমুখে ‘তিস্তা মার্চ’, যা শেষ হবে ১৯ এপ্রিল।