ভারতের বিদ্যুৎসচিব আসছেন শনিবার সই হচ্ছে তিন চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য আগামী শনিবার তিনটি চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। যৌথ বিনিয়োগের এ প্রকল্পে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনটিপিসিকে লভ্যাংশের কর রেয়াত দেওয়াসহ কয়েকটি দাবি প্রথমে পূরণ না হওয়ায় চুক্তিগুলো সই হওয়া পিছিয়ে গিয়েছিল। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিন চুক্তি সইয়ের জন্য আগামী শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের বিদ্যুৎসচিব উমা শঙ্কর। বিদ্যুৎ কেনা, প্রকল্প বাস্তবায়ন ও যৌথ বিনিয়োগের সম্পূরকসহ মোট তিনটি চুক্তি সই হবে। ভারতের রাষ্ট্রীয় ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি’র মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের কথা। এক হাজার ৩৩৪ দশমিক ২৯ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে প্রায় দেড় শ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রথমে আপত্তির পর গত ফেব্রুয়ারিতে শীর্ষ রাজনৈতিক নির্দেশনা অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড প্রকল্প থেকে এনটিপিসির পাওয়া লভ্যাংশের ওপর কর না নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিদ্যুৎকেন্দ্রটিতে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর থেকে ১০ বছর পর্যন্ত কোম্পানিটিকে কর রেয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনো বিদেশি কোম্পানিকে এ ধরনের কর রেয়াত দেওয়ার ঘটনা দেশে এটাই প্রথম। যৌথ বিনিয়োগের এ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। প্রকল্পের আওতাধীন প্রথম কেন্দ্রটি ২০১৪-১৫ সালে চালু হওয়ার কথা ছিল। বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় ইতিমধ্যে তা পিছিয়ে দেওয়া হয়েছে দুই বছর। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কয়লা আমদানির জন্য বন্দরের ক্ষমতা বৃদ্ধি, সমুদ্র উপকূল থেকে নৌপথের উন্নয়ন, রক্ষণাবেক্ষণসহ বড় কিছু সমস্যা রয়েছে।