পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট সীমান্তের জিরো লাইন বরাবর ভারতীয়দের বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের বিদ্যুৎ কর্তৃপক্ষ গতকাল বুধবার সকালে তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহযোগিতায় এই সীমান্তের মেইন পিলার ৭৬-এর ২৮ নম্বর সাব পিলার-সংলগ্ন জিরো লাইন ঘেঁষে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ শুরু করেছিল।
বিজিবি ও গ্রামবাসী সূত্র জানায়, চাকলাহাট সীমান্তসংলগ্ন ভারতের সাকাতি গ্রামে বিদ্যুৎ-সুবিধা পৌঁছে দিতে বিএসএফের সহযোগিতায় গতকাল খুঁটি স্থাপনের কাজ শুরু করে দেশটির বিদ্যুৎ বিভাগ। এই বিভাগের শ্রমিকেরা খুঁটি বসানোর জন্য সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইন বরাবর মাটি খুঁড়তে থাকেন। বিজিবি ও গ্রামবাসী এতে বাধা দিলে শ্রমিকেরা কাজ বন্ধ করে পার্শ্ববর্তী ঝাপরতোলা বিএসএফ ফাঁড়িতে যান। এর কিছুক্ষণ পর বিএসএফের ৫০-৬০ জন সদস্য সীমান্তে সশস্ত্র প্রহরা দেওয়া শুরু করেন। বিজিবিও টহল জোরদার করে।
দুপুরে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানায় বিজিবি। এতে সাড়া দিলে উভয় পক্ষের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জিরো লাইনের ওপর দিয়ে বিদ্যুতের খুঁটি না বসাতে বিএসএফকে অনুরোধ জানায় বিজিবি।
১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। কোনো নির্দেশনা না আসা পর্যন্ত খুঁটি স্থাপন বন্ধ রাখতে বিএসএফকে বলা হয়েছে।