ভারতের ব্যয় বাড়বে ৩১ হাজার কোটি রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে বাংলাদেশে গরু আসা বন্ধ হলে নয়াদিল্লিকে বছরে ৩১ হাজার কোটি রুপি বাড়তি খরচ মেটাতে হবে। ভারতের সংশ্লিষ্ট খাতের কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়। খবর ইকোনমিক টাইমস ও ইউএনবির।
খবরে বলা হয়, বাংলাদেশে গরু চোরাচালান বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নির্দেশ কড়াকড়িভাবে পালন করলে নয়াদিল্লিকে ওই বিপুল পরিমাণ ব্যয় বহন করতে হবে।
ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের ভেতরে গরু চোরাচালান বন্ধ করতে ব্যবস্থা নিতে গত বুধবার বিএসএফকে ওই নির্দেশ দেন রাজনাথ সিং। বিএসএফকে তিনি বলেন, এটি এমনভাবে বন্ধ করতে হবে যাতে বাংলাদেশিরা গরুর মাংস খেতে না পারে। পশ্চিমবঙ্গে বিএসএফের একটি ফাঁড়িতে তিনি বলেন, ‘পশু চোরাচালানের বিরুদ্ধে বিএসএফ নজরদারি বাড়ানোয় সম্প্রতি বাংলাদেশে গরুর মাংসের দাম ৩০ শতাংশ বেড়েছে। আপনারা এই নজরদারি আরও বাড়ান, যাতে পশু চোরাচালান পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশে মাংসের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বেড়ে যায়। এতে বাংলাদেশের মানুষ গরুর মাংস খাওয়া বন্ধ করে দেবে।’
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই চোরাচালান বন্ধ হয়ে গেলে ভারতের বিভিন্ন পশুখামারে থাকা কোটি কোটি গরু স্বাভাবিকভাবে মারা না যাওয়া পর্যন্ত বছরে এগুলোর পেছনে ব্যয় হবে ওই অর্থ। এটি সমন্বিত শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় ভারতে শিশুদের পুষ্টি খাতে বছরে সরকারি বরাদ্দের চার গুণ।
ভারত থেকে বছরে গড়ে ২৫ লাখ পশু বাংলাদেশে অবৈধপথে প্রবেশ করে দাবি করে খবরে আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রক্রিয়াজাত মাংসের বাজার কয়েক মিলিয়ন ডলারের। এই মাংসের পুরোটা বাংলাদেশিদের চাহিদা মেটাতে ব্যবহৃত হয় না; বেশির ভাগ রপ্তানি হয় উপসাগরীয় দেশগুলোতে। রাজনাথের কর্মকর্তারা সম্ভবত বিষয়টি তাঁকে অবহিত করেননি।
খবরে দাবি করা হয়, অধিকাংশ বাংলাদেশির এখনো নিয়মিত গরুর মাংস খাওয়ার সামর্থ৵ নেই। তারা কেবল বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে গরুর মাংস খেয়ে থাকে। বার্ষিক ৩১ হাজার কোটি রুপি খরচেরও একটা ব্যাখ্যা উল্লেখ করা হয় খবরে।
ভারতে এক একটি গরু গড়পড়তা ১৫-২০ বছর বাঁচে। একটা গরু মারা যাওয়ার প্রায় পাঁচ বছর আগেই তা থেকে দুধ উৎপাদন বন্ধ করে দেন খামারিরা। বছরে ২৫ লাখ গরু সীমান্তপথে বাংলাদেশে যায়। এটি বন্ধ হলে বছরে দুধ দেয় না এমন সোয়া কোটি গরুর প্রতিটির পেছনেই প্রতিপালন ব্যয় করতে হবে। খরচের মধ্যে আছে খামার ব্যবস্থাপনা, খামারের কর্মীদের বেতন, পশুর খাবার ইত্যাদি। দুধ পাওয়া যায় না, এমন গরুপ্রতি বছরে খরচ হবে গড়পড়তা ২৫ হাজার রুপি। আবার, খামারের জমি খরচ ও খামারের অবকাঠামো নির্মাণের প্রাথমিক বিনিয়োগ ধরলে এই ব্যয় আরও বেড়ে যাবে।