অনলাইন পদ্ধতি চালুর পর থেকে বাংলাদেশে প্রতিদিন গড়ে তিন হাজার প্রার্থী ভারতীয় ভিসার জন্য আবেদন করেন। ২০১১ সালে বাংলাদেশের প্রায় পাঁচ লাখ আবেদনকারীকে ভিসা দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুজিত ঘোষ, প্রথম সচিব (কনসুলার) সুমিত চতুর্বেদী ও দ্বিতীয় সচিব (ভিসা) মো. আফসার। অনলাইন পদ্ধতি চালুর পর বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়ার প্রক্রিয়া অনেক সহজ হয়েছে দাবি করেন হাইকমিশনের কর্মকর্তারা। তাঁরা জানান, বর্তমানে ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পর্যটকদের পাশাপাশি রোগীদেরও মাল্টিপল ভিসা দেওয়া হচ্ছে। ভিসা বিভাগের কর্মকর্তা মো. আফসার জানান, রোগীদের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলাদা মেডিকেল ডেস্ক চালু করা হয়েছে। রোগী বেশি অসুস্থ হলে তার প্রতিনিধি আইভেকে গিয়ে আবেদন জমা দিয়ে ভিসা নিতে পারেন। মেডিকেল ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া সাপেক্ষে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা দেওয়া হয়। মো. আফসার জানান, একটি পরিবারের পক্ষে আবেদন করা হলে যেকোনো একজন সবার পক্ষে ভিসা আবেদন জমা দিতে পারেন। এক প্রশ্নের উত্তরে আফসার বলেন, একজন আবেদনকারী সাধারণত ৩০ মিনিটের মধ্যেই তাঁর ভিসা আবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে পারেন।বাংলাদেশিদের জন্য দৈনিক সর্বোচ্চ ভিসার নির্ধারিত কোনো কোটা নেই বলে উল্লেখ করেন প্রথম সচিব সুমিত চতুর্বেদী। তবে তিনি জানান, অনলাইনে এক দিনে সর্বোচ্চ তিন হাজার আবেদন নিবন্ধন করার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ থেকে ভিসার আবেদনকারীদের মধ্যে প্রায় ৮০ শতাংশই পর্যটক বলে উল্লেখ করেন প্রথম সচিব।ভারত ভ্রমণের সময় কেউ ভিসার মেয়াদ বাড়াতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি যেখানে অবস্থান করছেন, তার কাছাকাছি বিদেশিদের নিবন্ধন দপ্তরে (এফআরও) যেতে হবে। সেখানে গিয়ে মেয়াদ বাড়ানোর যুক্তি দেখিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। যুক্তি গ্রহণযোগ্য বিবেচিত হলে আবেদনকারীর ভিসার মেয়াদ বাড়ানো হয়।