ভারতের মন্ত্রিসভার আলোচনায় ঢাকার জঙ্গি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা আলোচনা হলো ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকে। গত শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর মতে, উপমহাদেশে নিজেদের শক্ত ঘাঁটি প্রতিষ্ঠা করতে আনসারুল্লাহ ও জেএমবির মতো জঙ্গি সংগঠনগুলোকে বাংলাদেশে একই ছাতার নিচে আনতে চাইছে ইসলামিক স্টেট (আইএস)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ ঘটনাকে নিছকই বাংলাদেশের শাসকবিরোধী গোষ্ঠীগুলোর চক্রান্ত মনে করলে ঠিক হবে না।
বৈঠকে ওয়াকিবহাল মহল বলেছে, সরকারকে বাস্তবতা মেনে নিতে হবে। গোয়েন্দা মহল ও নিরাপত্তা বিশেষজ্ঞরা গুলশানের রেস্তোরাঁয় হামলায় ব্যবহৃত অস্ত্রের ব্যবহার নিয়েও চিন্তিত। ওই ঘটনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয়। ওয়াকিবহাল মহল মনে করে, ওই ঘটনার পেছনে অনেক ভাবনাচিন্তা কাজ করেছে। যেমন, বিদেশিদের টার্গেট করলে ঘটনাটি দ্রুত আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়বে, অর্থাৎ দ্রুত তা একটা আন্তর্জাতিক রূপ পাবে। তা ছাড়া হত্যাকারীরা সামাজিক মাধ্যমকে যেভাবে ব্যবহার করেছে, নিহত ব্যক্তিদের ছবি সঙ্গে সঙ্গে প্রকাশ করেছে, তাতে মনে হয় এগুলো খুব দক্ষ হাতের কাজ।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় সরকারকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো মনে করছে, বাংলাদেশে জঙ্গিবিরোধী অভিযানের ফলে অপরাধীরা এই তিন রাজ্যে গা ঢাকা দেবে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন গোয়েন্দারা।
এদিকে গুলশানের রেস্তোরাঁয় নিহত ভারতীয় নাগরিক তারুশি জৈনের মরদেহ আজ সোমবার দুপুরে ভারতে আসছে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল রোববার টুইট করে এ খবর জানিয়েছেন। দুপুরে দিল্লি বিমানবন্দর থেকে তারুশির মরদেহ নিয়ে যাওয়া হবে উত্তর প্রদেশের ফিরোজাবাদে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।