বগুড়ার গাবতলী উপজেলার কাগইল করুণাকান্ত উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বুধবার ভারতের মালদা ও উত্তর বগুড়া সোনালী অতীত ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উভয় দল একটি করে গোল করায় যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
বাংলাদেশ ও ভারতের প্রবীণ ফুটবলারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে পশ্চিমবঙ্গের মালদা জেলার সোনালী অতীত ফুটবল ক্লাবের ২৩ সদস্যের একটি দল বর্তমানে বগুড়ায় অবস্থান করছে। কাগইলে বিকেল না হতেই হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকে প্রতিবেশী দেশের প্রবীণ খেলোয়াড়দের খেলা দেখতে।
খেলা শুরুর পর মালদা ও উত্তর বগুড়া দল একে অপরের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। দর্শক করতালি দিয়ে ও চিৎকার করে উভয় দেশের খেলোয়াড়দের উৎসাহ দেয়। উত্তেজনাপূর্ণ খেলায় মালদা দলের একমাত্র মুসলমান খেলোয়াড় মাদাসসার হোসেন দলের পক্ষে প্রথম গোল করেন। উত্তর বগুড়া দলের উজ্জ্বল একটি গোল করে সমতা আনেন। পরে আয়োজকেরা দুই দলকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করেন।
মালদা সোনালী অতীত ফুটবল ক্লাবের অধিনায়ক উত্তম বসাক বলেন, ‘আমরা খেলাটি খুব উপভোগ করেছি। মাঠে এত ফুটবলপ্রেমী দর্শক দেখে আমরা অভিভূত।’ পরে প্রধান অতিথি দুই দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। আয়োজকেরা জানান, বগুড়ায় এ টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করছে ট্রপিক্যাল হোমস লিমিটেড, ট্রপিক্যাল বিল্ডিং টেকনোলজি লিমিটেড ও তন্ময় কমিউনিটি সেন্টার। গত মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে মালদার ফুটবল দলটি দিনাজপুরের হিলি স্থলবন্দরে এসে পৌঁছালে অধিনায়ক উত্তম বসাকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান স্বাগতিক বগুড়া সোনালী অতীত ক্লাব ফুটবল দলের আহ্বায়ক আনোয়ারুল করিম।
বন্দরে আনুষ্ঠানিকতা শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মালদা ও বগুড়া সোনালী অতীত ক্লাবের উত্তম বসাক ও আনোয়ারুল করিম বলেন, এপার ও ওপার বাংলায় ক্রীড়ার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
আগামীকাল ২৭ সেপ্টেম্বর বিকেল চারটায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম সোনালী অতীত ক্লাব এবং পরদিন একই মাঠে মর্নিং ফিটনেস জোনের সঙ্গে; ২৯ সেপ্টেম্বর বিকেল চারটায় ঢাকার ওয়ারী ক্লাব মাঠে ঢাকার ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে এবং ৩০ সেপ্টেম্বর বগুড়ার করনেশন স্কুল মাঠে বগুড়ার সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই দিন রাত আটটায় বগুড়া শহরের কাটনারপাড়ায় তন্ময় কমিউনিটি সেন্টারে মালদার খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হবে। পরদিন অতিথিরা হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরে যাবেন। ভারতের প্রবীণ খেলোয়াড়দের আগমন সামনে রেখে বগুড়া, ঢাকা ও চট্টগ্রামের প্রবীণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।