ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে পৃথক বার্তায় তাঁরা এ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে গত শনিবার পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রণব মুখার্জি বলেন, উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভারত ও বাংলাদেশ যৌথভাবে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা সন্তুষ্টির বিষয়। আমরা আমাদের পারস্পরিক স্বার্থের জায়গাগুলো সহযোগিতা বৃদ্ধি ও আরও জোরদার করতে সফল হয়েছি।’
গতকাল রোববার ইন্ডিয়ান এক্সপ্রেস এক খবরে জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’-এ গতকাল রোববার তিনি বক্তব্যের শুরুতেই বাংলাদেশকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে একাত্তরে সাহসী নেতৃত্বের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ভারত সব সময়ই বন্ধুপ্রতিম বাংলাদেশের পাশে থাকবে।
নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশ আর ভারতের মানুষের বন্ধুত্ব চিরস্থায়ী। তিনি এ সময় বাংলাদেশের আরও উন্নতি কামনা করেন।