ভারতের রাষ্ট্রপতি নড়াইলে আসবেন চলছে সড়ক সংস্কার
ভারতের রাষ্ট্রপতি নড়াইলের জামাইবাবু প্রণব মুখার্জি আগামী মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন। ৩ থেকে ৫ মার্চের মধ্যে যেকোনো সময় তিনি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে আসবেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্র এ খবর নিশ্চিত করেছে।এদিকে ভারতের রাষ্ট্রপতির নড়াইল সফরকে সামনে রেখে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এলাকার ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছে।গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, সংস্কারসহ সড়ক প্রশস্ত করার কাজ দ্রুত এগিয়ে চলেছে। প্রণব মুখার্জির শ্বশুরবাড়ির আঙিনাসহ সড়কের আশপাশের বন-জঙ্গল পরিষ্কার ও চিত্রা সেতুতে রং করা হচ্ছে।ভদ্রবিলা গ্রামের বাসিন্দা মুজিবর রহমান বলেন, ‘এই রাস্তা দিয়ে চলাফেরা করা কষ্টসাধ্য হয়ে পড়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এদিকে কোনো নজরই ছিল না। আমাদের কপাল ভালো; গ্রামের জামাইবাবু আসছেন। তাই এলাকার ভাঙাচোরা রাস্তাগুলো দ্রুত মেরামত করা হচ্ছে।’নড়াইল সওজের নির্বাহী প্রকৌশলী কবির উদ্দীন বলেন, ‘শুনেছি, মার্চের প্রথম সপ্তাহের দিকে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তাঁর পরিবার বাংলাদেশ সফরে আসছেন। তাঁর শ্বশুরবাড়ি ভদ্রবিলা গ্রামে। তিনি ওই গ্রামে আসতে পারেন। এ জন্য ওই এলাকার সড়ক সংস্কারের কাজ করা হচ্ছে।’প্রণব মুখার্জির শ্যালক কানাই লাল ঘোষ বলেন, ‘দিদির সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। তিনি গ্রামের বাড়িতে আসার খবর জানিয়েছেন। এ ছাড়া বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে বলেছেন।’জেলা প্রশাসক মো. জহুরুল হক বলেন, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তাঁর স্ত্রী শুভ্রা মুখার্জি ৩ থেকে ৫ মার্চের মধ্যে যেকোনো দিন নড়াইলে আসবেন—পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ভারতীয় দূতাবাস থেকে এমন খবর জানানো হয়েছে।