ভারতের রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত শিল্পী শাহাবুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রখ্যাত চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ মর্যাদায় ভারতের রাষ্ট্রপতি ভবনে পাঁচ দিন অবস্থান করবেন। প্রথম বিদেশি চিত্রশিল্পী হিসেবে তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অতিথি হিসেবে ওই ভবনে থাকবেন।
ভারতের রাষ্ট্রপতি ভবন গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আজ ১৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ দিন, অর্থাৎ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি ভবনে থাকবেন। সেখানে অবস্থানের সময় শাহাবুদ্দিন আহমেদের ‘শান্তি’ শিরোনামে একটি একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কলকাতাভিত্তিক গেঞ্জেস আর্ট গ্যালারির সঙ্গে যৌথ উদ্যোগে রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম আর্ট গ্যালারিতে এ প্রদর্শনী হবে। মিউজিয়ামে আসা সব দর্শনার্থী এই প্রদর্শনী দেখার সুযোগ পাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্বের অনেক জায়গায় শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে। তাঁর আঁকা ছবি ফ্রান্স, বুলগেরিয়া, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, বাংলাদেশের জাতীয় জাদুঘরসহ বিভিন্ন গ্যালারি এবং ব্যক্তিগত সংগ্রহে রয়েছে।
শাহাবুদ্দিন তাঁর কাজের অনুপ্রেরণা মানেন রবীন্দ্রনাথ ঠাকুর ও মাদার তেরেসাকে। তিনি ২১ বছর বয়সে একজন প্লাটুন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন তিনি।