ভারতের লোকসভার সাবেক স্পিকারকে বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে
ভারতের লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমাকে বহনকারী ভারতীয় হাইকমিশনের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার-সিলেট সড়কের মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাংমার স্ত্রী ও রাজ্যসভার সাবেক এক সদস্য গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুপুরের মধ্যাহ্নভোজ শেষে গতকাল বেলা তিনটায় ভারতীয় হাইকমিশনের একটি গাড়ি সিলেটের উদ্দেশে যাত্রা করে। গাড়িতে ছিলেন ভারতের লোকসভার সাবেক স্পিকার পি এ সাংমা, তাঁর স্ত্রী সনাদিনিক সাংমা, রাজ্যসভার সাবেক সদস্য বি বি দত্ত। বিকেল চারটার দিকে সড়কের রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা সনাদিনিক সাংমা এবং বি বি দত্ত আহত হন। তবে পি এ সাংমা অক্ষত রয়েছেন। পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকার নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকেরা জানিয়েছেন, সনাদিনিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বি বি দত্ত মেরুদণ্ডে আঘাত পাওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সাবেক স্পিকারের সফরসঙ্গী স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তা সফরউদ্দিন সাংবাদিকদের জানান, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের একটি সভায় অংশ নিতে তাঁরা ঢাকা থেকে মৌলভীবাজার হয়ে সিলেট আসছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হায়াত জানান, বি বি দত্ত হাসপাতালে চিকিৎসাধীন। সনাদিনিক প্রাথমিক চিকিৎসা নিয়ে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। মৌলভীবাজারের পুলিশ সুপার হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল হয়ে গতকালই (বৃহস্পতিবার) ভারতের মেঘালয় যাওয়ার কথা ছিল সাবেক স্পিকারের নেতৃত্বাধীন দলটির।