ভারতের শসাখেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতের এক কৃষকের শসাখেতে শিয়ালের জন্য পাতা ফাঁদে গত মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার আলি হোসেনের ছেলে মো. সুজাউদ্দিন (২৬) ও আবদুল মান্নানের ছেলে আনন্দ মণ্ডল (১৮)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামােনর ভাষ্যমতে, মঙ্গলবার রাত তিনটার দিকে সুজা উদ্দীন ও আনন্দসহ ছয়-সাতজন জন মাদক পাচারকারী ফেনসিডিল আনার জন্য গয়েশপুর সীমান্তের প্রধান খুঁটির পাশ দিয়ে ভারতে ঢোকেন। এ সময় তাঁরা ভারতের অভ্যন্তরের শূন্য রেখা বরাবর কুলাপাড়া গ্রামের একটি মাঠের শসাখেতের পাশ দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। এতে সুজা উদ্দীন ও আনন্দ ঘটনাস্থলেই মারা যান। তবে মারা যাওয়া ব্যক্তিদের পরিবার বিজিবির অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁরা দুজনই কৃষক ছিলেন।
সুজাউদ্দিনের বাবা আলী হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে তাঁর ছেলে ও প্রতিবেশী আনন্দ সীমান্তের কাছাকাছি নিজেদের বেগুনখেত পাহারা দিতে যান। বেগুনখেতের পাশে ভারতীয় নাগরিক কুলাপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস আলীর শসাখেত। ওই খেতের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ভোররাতে গ্রামবাসী তাঁদের লাশ উদ্ধার করে।
আনন্দের চাচা আনসার আলী জানান, ভারতের কুলাপাড়া গ্রামের কৃষকেরা শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে তাঁদের খেতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। তবে শিয়াল মারতে গিয়ে তাঁরা মানুষ মেরে ফেলেছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।