ভারতের শেল্টার হোমে শান্তি, ফেরত চায় পরিবার

ভারতের কিশোর মিনারুল মণ্ডল (১৭) বেড়াতে এসেছিল কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। ওই গ্রামের ১৩ বছরের কিশোরী শান্তিকে সঙ্গে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে মিনারুল।
কাঁটাতার পার হয়ে ছেলেটি চলে যায়। তবে কিশোরী শান্তি ধরা পড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে। তাকে রাখা হয় আসাম প্রদেশের গৌহাটি এলাকার ঝলকাবাড়ি শেল্টার হোমসে। ঘটনাটি চার মাস আগের। চার মাস ধরে সেখানেই রয়েছে শান্তি। শান্তির পরিবারের অভিযোগ, মিনারুল তাঁকে (শান্তি) পাচারের জন্য ভুলিয়ে ভারতে নিয়ে যেতে চেয়েছিল।
শান্তির পরিবারের সদস্যরা জানান, মিনারুল মণ্ডল গত ১৫ এপ্রিল কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাদুরচর ইউনিয়নের বারবান্দা গ্রামে চাচা সন্দেশ আলীর (৩৮) বাড়িতে বেড়াতে আসে। তার বাবার নাম রসমত আলী। বাড়ি আসাম প্রদেশের মানকারচর থানার কালুরচর গ্রামে। ২৮ এপ্রিল মিনারুল ভারতে ফিরে যায়। এ সময় শান্তিকেও সঙ্গে নেয়। মিনারুলের উদ্দেশ্য ছিল শান্তিকে পাচার করা। তাই ভুলিয়েভালিয়ে তাঁকে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে। তাঁদের সহায়তা করে বারবান্দা গ্রামের লাল চাঁদ ও রহমত আলী। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে কাঁটাতার পার হওয়ার সময় বিএসএফএর নজরে পরে যায় কিশোর-কিশোরী। এ সময় মিনারুল শান্তিকে ফেলে পালিয়ে যায়। শান্তি বিএসএফের হাতে ধরা পড়ে। ঘটনার চার মাস পার হয়ে গেছে। এখনো ফিরে আসেনি শান্তি।
একমাত্র মেয়েকে হারিয়ে পাগল হয়ে গেছেন মা হনুফা বেগম (৩০)। মেয়ের ছবি বুকে জড়িয়ে দিন কাটছে তাঁর। শান্তিকে আদর করে তিনি ডাকতেন গেদি। চিত্কার করে বলেন, ‘আমার গেদিরে (মেয়ে) আইনা দেও। হেরা গেদিরে মাইরা ফালাইব। প্রতিবেশীরা কোনোভাবেই তাঁকে স্বান্ত না দিতে পারছে না।’
শান্তির বাবা দিনমজুর ফজল হক মেয়ের মুক্তির জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তাদের কাছে গেছেন। ঘুরেছেন প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও। কিন্তু চার মাস ধরে মেয়ের কোনো খোঁজ মেলেনি। মেয়ের শোকে নাওয়া-খাওয়া ছেড়ে বাক্রুদ্ধ হয়ে পড়েছেন শান্তির বাবা। একসময় কান্না ধরে রাখতে না পেরে শান্তির বাবা বলেন, ‘গেদির লাইগা কতজনের কাছে গেইলাম। কেউ কিছু করতে পারতাছে না।’
সরেজমিনে সীমান্ত ঘেঁষা গ্রামে শান্তির বাড়িতে গিয়ে গিয়ে দেখা যায়, শোকের ছায়া। সাংবাদিক আসার খবর শুনে শান্তির মা হনুফা বেগম বাড়ির ভিতর থেকে দৌড়ে আসেন। চিত্কার করে বলতে থাকেন, ‘আমার সোনারে নিয়া আইছে। অরা মাইরা ফেলাইব।’ বলতে বলতে মাটিতে গড়িয়ে পরেন। সবাই ধরাধরি করে ভেতরে নিয়ে যান তাঁকে। শান্তির ফুপাতো বোন জিনারা আকতার (১৯) বলেন, ‘শান্তিরা এক ভাই এক বোন। এক বছর আগে ওর ভাই কাঞ্চুকে কে বা কারা মেরে ফেলে। ওর মা তাই শান্তিকে চোখে চোখে রাখতেন। সারাক্ষণ আমাদের বাড়িতে থাকত। কেমন কইরা হেই পোলা ভাগায় নিল বুঝতে পারতাসি
না।’
শান্তির মামা জিন্নত আলী বলেন, ‘শান্তি রৌমারী উপজেলার বারবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। থানায় পাচারের মামলা করতে গেলে পুলিশও মামলা নেয়নি। একমাত্র মেয়েকে হারিয়ে ওর বাবা-মা পাগল হইয়া গেছে।’
পূর্ব বারবান্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোনা মিয়া বলেন, ‘শান্তি আমাদের স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে। খুব ভালো মেয়ে। কোথা থেকে কী হলো বুঝতে পারছি না। তবে সরকার চেষ্টা করলে হেরে ফিরা আনা যাইব। আমরা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাই শিশুটিকে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হোক।’
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শিশুটির মামা বেশ কয়েকবার থানায় এসেছিলেন। কিন্তু ঘটনা ভারতে। এ কারণে অভিযোগ নেওয়া হয়নি।
এ প্রসঙ্গে জামালপুর বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক সাজেদুর জাভেদ জানান, শিশুটি গৌহাটি শেল্টার হোমসে আছে। এ নিয়ে রৌমারী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিকবার ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ জানিয়েছে শিশুটিকে শেল্টার হোমসে রাখা হয়েছে। শান্তিও দেশে ফিরতে চায়। তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যোগাযোগ করতে হবে।