ভারতের সংসদে সীমান্ত বিল ওঠেনি
বাজেট অধিবেশনে সম্ভব হয়নি। এবার বিজেপি ও তৃণমূল কংগ্রেসের আপত্তিতে ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশনেও সীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিলটি উত্থাপিত হলো না। বিরোধী দল বিলের বিরোধিতা করবে, এটা নিশ্চিত জেনেই কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার বিল উত্থাপনের কোনো চেষ্টাই করল না। ফলে ঝুলে রইল বাংলাদেশ ও ভারতের সীমান্ত চুক্তির বাস্তবায়ন।
বিলটির ভবিষ্যতের জন্য ভরসা এখন আগামী নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের গোড়ায় অল্প সময়ের জন্য পরিকল্পিত শীতকালীন অধিবেশন। যে কারণগুলোর জন্য বিলটি নিয়ে বিরোধীদের আপত্তি, পরবর্তী অধিবেশনের মধ্যে সেগুলো মীমাংসা হয় কি না, কিংবা তার জন্য সরকার আদৌ উদ্যোগী হয় কি না, তার ওপর নির্ভর করবে এই সরকারের আমলে চুক্তি বাস্তবায়নের বিষয়টি। সাধারণত শীতকালীন অধিবেশনের মেয়াদ চার সপ্তাহ। কিন্তু সরকার যদি নির্বাচনের পথে এগিয়ে যায়, তাহলে পূর্ণ সময়ের জন্য অধিবেশন না-ও হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এই সময়ের মধ্যে প্রধান দুই বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসবেন কি না, সেটাই এখন দেখার রইল।