ভারতের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক নেই: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভারতের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। স্বাধীনতাযুদ্ধের সময় ভারত সাহায্য করেছিল বলেই তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো।

আজ সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় আমু এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো দলীয় নয়, ব্যক্তিগতও নয়। ভারতের সঙ্গে আমাদের সঙ্গে অন্য কোনো সম্পর্ক থাকলে স্বাধীনতার পরপরই তাদের সৈন্য ফিরিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধু বলতেন না। স্বাধীনতাযুদ্ধের সময় তারা সাহায্য করেছিল বলেই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। এর বেশি নয়।’
যে সব অপশক্তি শেখ হাসিনাকে আবারও আক্রমণ করতে চায়, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ার করেন আমু। তিনি বলেন, ‘তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। তাই তারা হত্যার নেশা নিয়ে কাজ করছে। তারা সময় সুযোগ পেলেই সেটা প্রয়োগ করতে পারে।’
আলোচনা সভায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ করে বলেন, ‘আপনি বলেছেন, জিয়া এ হত্যাকাণ্ডে জড়িত নয়। জিয়া বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত না-ই হতেন, তবে খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিলেন কেন?’ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দায়ে জিয়ার মরণোত্তর বিচার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।