ভারতের সঙ্গে করা ঋণচুক্তি বাতিলের দাবি জামায়াতের
ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০০ কোটি ডলারের (প্রায় সাত হাজার টাকা) ঋণচুক্তি বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। তাদের দাবি, ১০০ কোটি ডলার ঋণচুক্তির মাধ্যমে সরকার ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। আন্তর্জাতিক ব্যাংকগুলোর চেয়ে সাত গুণ বেশি সুদে এই ঋণ নেওয়া হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এই দাবি করেন। তিনি বলেন, আরও সহজ শর্তে অভ্যন্তরীণ খাত বা অন্য কোনো ঋণদানকারী সংস্থার কাছ থেকে ঋণ নেওয়া যেত। কিন্তু সেদিকে না গিয়ে বর্তমান সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে অন্যায্য শর্তে ভারত থেকে ঋণ নিচ্ছে। জামায়াতের নেতা বলেন, এ ঋণ ব্যবহূত হবে ভারতকে বিভিন্ন ট্রানজিটের নামে করিডর দেওয়ার অবকাঠামো নির্মাণের সুবিধার্থে। ঋণের টাকায় ১৪টি প্রকল্পে ব্যবহূত যন্ত্রপাতি ও উপকরণ ভারতের কাছ থেকে কিনতে হবে।আজহারের প্রতিবাদ: গত ৭ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত এ টি এম আজহারের বক্তব্য ঠিকভাবে উদ্ধৃত হয়নি দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, পত্রিকায় লিখা হয়েছে, ‘সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেই ভালো ছেলেদের সন্ত্রাসী বানাবেন না, তাতে ভালো ছেলেরা সন্ত্রাসে উৎসাহী হবেন।’ আসলে তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘ভালো ছাত্রদের সন্ত্রাসী বানানোর মাধ্যমে সন্ত্রাসীদেরই উৎসাহিত করা হচ্ছে।’