আঞ্চলিক বন্দরে রূপ দিতে ব্যবহারের অনুমতি
ভারতের সঙ্গে করা চুক্তিতে দেশের জন্য ক্ষতিকর কিছু নেই: কায়েস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের সময় সন্ত্রাসবাদ দমনের জন্য যে তিনটি চুক্তি সই করা হয়েছে, তাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো বিষয় নেই। আর চট্টগ্রাম ও মংলা বন্দরকে আঞ্চলিক বন্দরে পরিণত করতেই ভারত, নেপাল ও ভুটানকে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দর দুটির উন্নয়নকাজ শেষ হলেই ঠিক করা হবে এটি কখন ও কীভাবে ওই দেশগুলোকে ব্যবহার করতে দেওয়া হবে। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল শনিবার তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রীর ভারত সফরকে সফল আখ্যায়িত করে বলেন, সরকার দুই দেশের সম্পর্ককে বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের অভিন্ন স্বার্থের আলোকে বিবেচনা করে। শীর্ষ বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বন্দর ব্যবহার: চট্টগ্রাম ও মংলা বন্দর কি আগে ভারত ব্যবহার করবে—জানতে চাইলে মিজারুল কায়েস বলেন, শুধু ভারত নয়, নেপাল ও ভুটানও বন্দর দুটি আঞ্চলিক যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার আওতায় ব্যবহার করতে পারবে। সরকার বন্দর দুটিকে আঞ্চলিক বন্দরে পরিণত করতে চায় বলেই এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। ভুটান ও নেপালের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের ব্যাপারে ভারতের সম্মতি মিলেছে কি না—প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ তার বন্দর ব্যবহার করতে দেবে কি না বা নেপাল-ভুটান এটা ব্যবহার করবে কি না, তা ভারতের বিষয় নয়। তবে বিষয়টির স্বীকৃতি দিতে যৌথ ইশতেহারে বাংলাদেশের ইচ্ছার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিস্তা চুক্তি কেন হলো না: বাংলাদেশ কেন তিস্তার পানিবণ্টনে দীর্ঘমেয়াদি চুক্তি সই করতে চায় না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘আজকে যদি আমি বলি চুক্তি সই করতে চাই, তাহলেই তো চুক্তি সই হলো না। তবে চুক্তি সইয়ের জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে। আর ভারত সরকারের একটা পর্যায় থেকে চুক্তি সইয়ের ইঙ্গিতও আমরা পেয়েছি। যৌথ নদী কমিশনের বৈঠকের পরে আমরা অন্তর্বর্তীকালীন চুক্তি করতে চাই। এর মানে এই নয় যে, আমরা দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাই না।’ তিনি বলেন, দীর্ঘমেয়াদি চুক্তি করতে হলে যৌথ প্রবাহ সমীক্ষা (জয়েন্ট হাইড্রোলজিক্যাল সার্ভে) করার দরকার হবে। এটি দীর্ঘ প্রক্রিয়া, যার জন্য সময় প্রয়োজন। তাই সমীক্ষার নামে বাংলাদেশ আটকে থাকতে চায় না। তিনি বলেন, ‘শুধু তিস্তা নয়, আমরা সব অভিন্ন নদীর পানিবণ্টনে চুক্তি করতে চাই।’ তিন চুক্তির ব্যাখ্যা: গত ১১ জানুয়ারি সই হওয়া নিরাপত্তাবিষয়ক তিন চুক্তিতে শুধু ভারত নয়, উভয় দেশের স্বার্থই সংরক্ষিত হয়েছে বলে দাবি করেন মিজারুল কায়েস। তিনি বলেন, বিভিন্ন আঞ্চলিক ফোরামে সন্ত্রাসবাদ ও অপরাধ দমনে বাংলাদেশের অঙ্গীকারের ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে এসব চুক্তি সইয়ের প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে সাজাপ্রাপ্ত বন্দী বিনিময় চুক্তি ছাড়া বাকি দুই চুক্তি সার্ক ও বিমসটেক আঞ্চলিক জোটে কনভেনশন হিসেবে গৃহীত হয়েছে। এতে বাংলাদেশ সই করেছে। এসব ফোরামের সব সদস্য দেশের অনুস্বীকৃতি মিললে এ চুক্তি স্বাভাবিক নিয়মেই কার্যকর হবে। ওই অনুস্বীকৃতি পাওয়ার আগে বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ভিত্তিতে এ চুক্তি সই করেছে। এসব দ্বিপক্ষীয় চুক্তি সরকারের অনুসমর্থনের পরেই কার্যকর হবে। তা ছাড়া এসব চুক্তি ছয় মাসের অগ্রিম নোটিশে উভয় দেশই বাতিল করতে পারবে। অপরাধবিষয়ক পারস্পরিক আইনি সহায়তাবিষয়ক চুক্তি: এই চুক্তির ব্যাখ্যা করে পররাষ্ট্রসচিব বলেন, ফৌজদারি অপরাধ বিষয়ে সহযোগিতা ও পারস্পরিক আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত অপরাধসমূহ অনুসন্ধান, বিচারকার্য এবং অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ ও দলিলপত্র শনাক্তকরণ, বাধাদান, জব্দকরণ ও বাজেয়াপ্তের বিধান রাখা হয়েছে। তিনি বলেন, এর আওতায় আদালত বা সংশ্লিষ্ট বিভাগ সহায়তা চাইলে পারস্পরিক আইনগত সহযোগিতা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে চুক্তির আওতায় পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম চালাবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং মাদক পাচাররোধ চুক্তি: এই চুক্তির বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাস প্রতিরোধ, অপরাধ অনুসন্ধান, বিচারকার্য ও দমনের উদ্দেশ্যে একে অপরকে পারস্পরিক আইনগত সহায়তা দেবে। তবে দুই দেশকেই অভ্যন্তরীণ আইন ও বিধি মেনে কাজ করতে হবে। বন্দী বিনিময় চুক্তি: মিজারুল কায়েস বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের নিজ দেশে সাজা ভোগ করার সুযোগ দিতে সাজাপ্রাপ্ত বন্দী বিনিময় চুক্তি করা হয়েছে। তিনি বলেন, ছয় মাসের বেশি সাজা ভোগ করা বাকি আছে অথবা যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যাঁর বিরুদ্ধে অন্য মামলা বিচারাধীন নেই এবং বন্দী নিজে অথবা তাঁর নিয়োজিত ব্যক্তি লিখিতভাবে দেশে ফিরে সাজা ভোগ করতে আগ্রহ প্রকাশ করবেন, তাঁরা এ চুক্তির আওতাভুক্ত হবেন।