ভারতের সঙ্গে চুক্তি জনগণ মেনে নেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে চট্টগ্রাম ও মংলা বন্দর নয়াদিল্লির হাতে তুলে দিয়েছেন। ভারতের সঙ্গে করা চুক্তির মাশুল তাঁকে দিতেই হবে। দেশের জনগণ এই চুক্তি মানবে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ১১ জানুয়ারি কালো দিবস শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ সভার আয়োজন করে। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, দেশের ভেতরে কিছু মীরজাফর, বাইরের কিছু লর্ড ক্লাইভ ও ওয়ার্ডস ওয়ার্থের সম্মিলনে এক-এগারো সৃষ্টি হয়েছিল। তারা দেশে এখনো সক্রিয় রয়েছে। এ কারণেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। সভার সভাপতি বিচারপতি টি এইচ খান বলেন, গত ৮ ডিসেম্বর বিএনপি কাউন্সিল করে আবার মঞ্চে ফিরে এসেছে। নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। কাউন্সিল থেকে অর্জিত শক্তি এখন দেশ রক্ষার কাজে লাগাতে হবে। অন্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদরুল আমিন, সেলিম ভুঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ওবায়দুল ইসলাম, বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, জাগপা নেতা শফিউল আলম প্রধান। আলোচনা সভায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা দর্শকসারিতে ছিলেন। আইনজীবী ফোরামের সভা: গতকাল বিএনপির সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখা আয়োজিত সভায় বক্তারা এক-এগারোকে কালো অধ্যায় উল্লেখ করে ওই ঘটনার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেছে। সুপ্রিম কোর্ট ভবনের দক্ষিণ কক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিঞা, জমির উদ্দিন সরকার প্রমুখ। বক্তারা বলেন, সরকার ভারতের সঙ্গে চুক্তি করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। সভায় ওই চুক্তির প্রতিবাদে আগামী ১৮ জানুয়ারি মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।