ভারতের সঙ্গে চুক্তি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, রেল ও সড়কপথে ভারতকে চট্টগ্রাম, মংলা ও আশুগঞ্জ বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রে টাকার অঙ্ককেই প্রাধান্য দেওয়া হয়েছে। এতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করা হয়েছে।প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে যেসব যৌথ ঘোষণা দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামায়াত এ কথা বলেছে। গতকাল বিকেলে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এক বিবৃতিতে দলের অবস্থানের কথা জানান। বিবৃতিতে মুজাহিদ বলেন, জনগণ কখনো জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি, সমঝোতা ও ঘোষণা মেনে নেবে না। কাজেই দেশের জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি, সমঝোতা ও ঘোষণা কার্যকর করা সম্ভব হবে না।বিবৃতিতে মুজাহিদ বলেন, বাংলাদেশের সামরিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারতকে চট্টগ্রাম, মংলা ও আশুগঞ্জ বন্দর ব্যবহারের অনুমতি প্রদান নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই সমীচীন হয়নি। এতে বাংলাদেশকে ভারতের রাজনীতি ও অর্থনীতির সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে। এতে বাংলাদেশের নিরাপত্তা তথা স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।বিবৃতিতে মুজাহিদ বলেন, ভারতীয় ভারী যানবাহন যদি বাংলাদেশের সড়কপথে যাতায়াত করে, তাহলে যে পরিমাণ ক্ষয়-ক্ষতি হবে তা পুষিয়ে নেওয়ার কোনো লক্ষণ তিনি দেখছেন না। ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি ও আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত ভারতকে রেল ট্রানজিট-সুবিধা দেওয়া এবং ২০১১ সালে দুই দেশ যৌথভাবে রবীন্দ্রজয়ন্তী পালনের যে সিদ্ধান্ত নিয়েছে, তাকেও জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়েছে জামায়াত।মুজাহিদ দাবি করেছেন, ভারতের সঙ্গে তিনটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই ও যৌথ ঘোষণায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই যৌথ ঘোষণাকে অস্বচ্ছ বলেও তিনি দাবি করেন। তাঁর দাবি, টিপাইমুখ বাঁধ সম্পর্কে ভারতের বক্তব্য অস্পষ্ট।