দেশের গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে জাতীয় সংসদে আলোচনা হওয়া দরকার। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরকালে যেসব চুক্তি ও স্মারক স্বাক্ষরিত হয়েছে, সংসদে তার অনুমোদন হওয়া দরকার। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব বিষয় নিয়েই সংসদে আলোচনা হওয়া উচিত। আর সাংসদদের জন্য একটি আচরণবিধি থাকা জরুরি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক—সুজন আয়োজিত ‘সংসদের কার্যকারিতা ও সংসদ সদস্যদের দায়বদ্ধতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশে জাতীয় সংসদ পরিচালনার ক্ষেত্রে নানা দুর্বলতার কথা উঠে আসে বক্তাদের আলোচনায়। তারা ভাষা ব্যবহারের ক্ষেত্রে সাংসদদের সংযমী হওয়ার পরামর্শ দেন।পুলিশের সাবেক মহাপরিচালক এ এস এম শাহজাহানের সঞ্চালনায় সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বলা হয়, এবার সংসদের প্রথম অধিবেশনেই সংসদীয় কমিটি গঠিত হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব আছে এমন ব্যক্তিরাও কমিটির সদস্য বা সভাপতি হয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে সংসদীয় কমিটি তার এখতিয়ারবহির্ভূত কাজে লিপ্ত। সাম্প্রতিককালে কিছু সাংসদের আচরণ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন বেরিয়েছে, তা অত্যন্ত পীড়াদায়ক। বিধি লঙ্ঘন করে ১৫ জন সাংসদ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বা সদস্যই হননি, মিথ্যা হলফনামা দিয়ে উত্তরায় ১৮ জন প্লটও নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। দলের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধান অতিথির বক্তব্যে সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, সংবিধানে বলা আছে, নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে, মন্ত্রিপরিষদের হাতে নয়। অর্থাত্ সবাই প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ, সংসদের কাছে নয়। আমরা এর পরিবর্তন চাই। সবাই যেন সংসদের কাছে দায়বদ্ধ থাকেন। আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, সাংসদদের আচরণবিধি নিয়ে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী সংসদে একটি বিল উত্থাপন করছেন। এটা যদি হুবহু পাস হয়, তাহলে খুব ভালো। যদি কিছু পরিমার্জন-পরিবর্ধন করে পাস হয়, তাও ভালো। তবে মূল কথা হলো, দুই নেত্রী এ ব্যাপারে কী বলেন। তাঁরা কী করতে চান সেটাই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা বলেন, ‘সংসদের অনুমোদন ছাড়া অন্য দেশের সঙ্গে কীভাবে চুক্তি হয়, তা আমার বোধগম্য নয়।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান বলেন, ‘সংসদে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গিয়ে চুক্তি করলেন, কিন্তু সংসদে কোনো আলোচনা আমরা দেখিনি।’ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, ‘অন্যান্য দেশে বাণিজ্য চুক্তিও সংসদে অনুমোদন হয়। কিন্তু আমাদের দেশে বড় কোনো চুক্তিও সংসদে অনুমোদন হয় না।’সাবেক সচিব মোসলেহউদ্দিন আহমেদ বলেন, ‘সাংসদদেরকে বলা হয় মাননীয় সংসদ সদস্য। তাঁরা যদি মাননীয়ই হন, তাহলে তাঁরা গালিগালাজ করেন কেন?’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সাংসদ সরদার আমজাদ হোসেন, সাবেক সচিব কে এম নূরুল হুদা।