ভারতের সঙ্গে ঝগড়া চাই না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে ঝগড়া করতে চাই না। সুসম্পর্ক চাই। কিন্তু তার ভিত্তি হবে সমতা ও সমমর্যাদা।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘মওলানা ভাসানী ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ভাসানী স্মৃতি পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
তিস্তা চুক্তি না হওয়ার জন্য আওয়ামী লীগের নতজানু নীতিকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শুনলাম তিস্তা চুক্তি হচ্ছে। কিন্তু এখনো হয়নি। তিস্তা চুক্তি হবে না। কারণ নতজানু দাসসুলভ মনোভাব নিয়ে অধিকার আদায় করা যায় না।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফারাক্কা বাঁধের কারণে পশ্চিমাঞ্চলের অনেক জেলা মরুভূমি হয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন মরুভূমিতে পরিণত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, সরকার এ বিষয়ে কোনো জোর পদক্ষেপ নিচ্ছে না।
র্যাব প্রসঙ্গে বিএনপির নেতা ফখরুল বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য র্যাব গঠন করা হয়েছিল। তখন র্যাব জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এই সরকার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশে র্যাবকে ব্যবহার করা শুরু করেছে। র্যাব কঠিন সংকটে আছে বলে মন্তব্য করে তিনি বলেন, এখন আর চুপ করে থাকার সময় নেই। মাথা উঁচু করে দাঁড়াতে হবে। মির্জা ফখরুল তরুণ ও যুবকদের ১৯৫২, ’৬৯, ’৭১ এবং ’৯০ সালের মতো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক। এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ অনেকে।