ভারতের সঙ্গে পরামর্শ যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি কী, তা জানতে দিল্লিতে যান মজীনা। ছবি: ফাইল
বাংলাদেশ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি কী, তা জানতে দিল্লিতে যান মজীনা। ছবি: ফাইল

বাংলাদেশের নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন হয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা দিল্লি সফর করে ভারতের নেতাদের সঙ্গে শলাপরামর্শ করেছেন। ‘ইকোনমিক টাইমস’ সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক শিবিরের সহিংস আচরণের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র দপ্তরের দৃষ্টিভঙ্গি কী, তা জানতে ভারতে যান মজীনা।
প্রতিবেদনে বলা হয়, ভারতের এক কর্মকর্তা ‘ইকোনমিক টাইমস’কে বলেছেন, মজীনাকে ভারতে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি তাঁর সরকারের সিদ্ধান্ত মোতাবেক দিল্লি সফর করেন।
ভারতের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মজীনা গত শুক্রবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করেন। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা, সব দলের অংশগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে রাষ্ট্রীয় ব্যবস্থা জারি রাখার ক্ষেত্রে ভারতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত পোষণ করেন মজীনা।
দিল্লি যাওয়ার আগে মজীনা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরেনের সঙ্গে সাক্ষাত্ করেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন আয়োজনের ঘোষণা ও বিরোধী দলের তা প্রত্যাখ্যানের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলাপ করেন।

বাংলাদেশের ভেতরে কিছু সন্ত্রাসবাদী সংগঠন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সহায়তায় সংগঠিত হচ্ছে বলেও ‘ইকোনমিক টাইমস’ সাময়িকীর খবরে দাবি করা হয়।